চিত্রনায়ক সোহেল হত্যা মামলায় আরও একজন সাক্ষ্য দিলেন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। তিনি হলেন রফিকুল ইসলাম মণ্ডল। এ মামলায় তিনি জব্দ তালিকার সাক্ষী। ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন এই দিন ঠিক করেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাদিয়া আফরিন।
এর আগে গত ২৮ আগস্ট সাক্ষ্য দেন চিত্রনায়ক সোহেলের বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী। আজ শুনানি উপলক্ষে কারাগার থেকে মামলার আসামি আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি ফারুক আব্বাসীও আজ আদালতে হাজির হয়েছেন।
১৬ বছর আগে ঢাকা মহানগরের পিপি দপ্তর থেকে সোহেল হত্যা মামলার তদন্তের নথিপত্র কেস ডকেট (সিডি) নিয়ে যান পুলিশের তৎকালীন পরিদর্শক ফরিদ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলে। তিনি আগেই অবসরে গেছেন। তবে হত্যা মামলার সিডি আজও আদালতে উপস্থাপন করা হয়নি।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রামস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়।
সোহেল হত্যার ঘটনায় তাঁর ভাই তৌহিদুল রাজধানীর গুলশান থানায় মামলা করেন। মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের পর আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম স্থগিত করে রুলসহ আদেশ দেন।
রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট রুল ডিসচার্জ (খারিজ) করেন। পাশাপাশি আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রায় দেন।