চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার জয়নাল মার্কেটের সামনে চলন্ত ট্রেন থেকে পড়ে এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সজীব চন্দ্র বর্মণ (৩৫)। আজ রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক কামরুল হাসান বলেন, কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনে খাবারের দোকানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন সজীব। চলন্ত ট্রেনের দরজা দিয়ে অসাবধানতাবশত পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত সজীবের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গোড়সাপ গ্রামে। তাঁর বাবার নাম মৃত অরুণ চন্দ্র বর্মণ। তিনি এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মুগদা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।