পরিচ্ছন্নতাকর্মীদের সুবিধা নিশ্চিতে জাতীয় নীতিমালা প্রয়োজন: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য
ছবি: প্রথম আলো

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য, আবাসন, চাকরি ও শিক্ষাসহ নানা অধিকার নিশ্চিত করতে জাতীয় নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, দেশের নাগরিক হিসেবে সমাজের আর পাঁচটা মানুষের জীবনযাপন এবং সুবিধা পাওয়ার যে অধিকার, পরিচ্ছন্নতাকর্মীরাও একই অধিকারের অংশীদার। মৌলিক এই অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে এই মুহূর্তে আন্দোলন হতে হবে বলেও মনে করেন তিনি।

‘পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। আজ শনিবার রাজধানীর সিরডাপের শামসুল হক মিলনায়তনে নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে। এতে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিনিধি, শ্রমিকনেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোনো উন্নয়নই টেকসই হবে না যদি না পেছনের মানুষগুলোকে সম্পৃক্ত করা যায়। ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিচ্ছন্নতাকর্মীদের সামনে আনতে হবে। কারণ, এই লক্ষ্যমাত্রার মূল কথা হলো কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।

সভায় পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকিবিষয়ক মূল নিবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠন নাগরিক উদ্যোগের ব্যবস্থাপক নাদিরা পারভীন। নিবন্ধে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার ঘাটতি, আইনি বিধিবিধান, স্বাস্থ্যঝুঁকি এবং তা নিরসনে সুপারিশ তুলে ধরেন।

আলোচনা সভায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু কৃষ্ণলাল বলেন, ‘স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার। একই সঙ্গে নিশ্চিত এবং স্থায়ী চাকরি ও আবাসনও আমাদের অধিকার। উপার্জনের নিশ্চয়তা না থাকলে স্বাস্থ্যসেবা নেওয়ার মতো অর্থনৈতিক সক্ষমতা তৈরি হবে না।’

বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং পরিচ্ছন্নতাকর্মী কুলসুম বেগম বলেন, ‘পরিচ্ছন্নতার চাকরিতে বয়সের গণ্ডি চাই না, যত দিন কাজ করার সক্ষমতা থাকবে, তত দিন আমরা কাজ করতে চাই। আর যদি বয়সের বিধান ৫৯ বছরে নির্ধারণ করা হয়, তাহলে চাকরি–পরবর্তী পেনশন, ভাতাসহ সব সুবিধা প্রদান করতে হবে।’

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল কাফি। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের যে ছেলেমেয়েরা শিক্ষিত, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে। এ ছাড়া তাদের জন্য সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিকল্প পেশায় যাওয়ার আগপর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি দিতে হবে।

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার, বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রেটি নেটওয়ার্কের (বাউইন) সমন্বয়ক কাজী মনির মোশারফ, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক মিজানুর রহমান প্রমুখ।