রাতে খোলা ছিল গ্যাসের চুলা, সকালে আগুন জ্বালাতেই দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন
রাতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বাসার লোকজন। গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে। সকালে চুলা জ্বালালে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। দগ্ধ হন পাঁচজন। তাঁদের মধ্যে একে একে মারা গেলেন চারজন।
সর্বশেষ আজ বুধবার ভোরে মারা গেছেন সামসুন নাহার (৫০)। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের ফ্ল্যাটটিতে ১৯ নভেম্বর সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রথমে মারা যান সাবা (৩০)। ২০ নভেম্বর বিকেলে তাঁর মৃত্যু হয়। পরদিন ভোরের দিকে মারা যায় তাঁর দেড় বছর বয়সী ছেলে মাহাব।
গতকাল মঙ্গলবার সকালে মারা যান সানজিদা (২০)। আর আজ ভোর পাঁচটার দিকে মারা যান সানজিদার মা সামসুন নাহার।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। মাহাবের পুড়েছিল ৫৭ শতাংশ। সানজিদা ও সামসুন নাহারের শরীরের যথাক্রমে ৩৭ ও ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি আবদুর রহমান (৩২) সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাঁর শরীরের ৬ শতাংশ পুড়েছিল।
‘রাতে গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে’
প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে বাসার লোকজন রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালিয়েছিলেন। কিন্তু তখন গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে তাঁরা চুলা বন্ধ করতে ভুলে যান। রাতের কোনো এক সময় গ্যাস আসে। চুলা থেকে গ্যাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।
কাঞ্চন টাওয়ার নামের দশতলা আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে আবদুর রহমান পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। একই ফ্ল্যাটে সাবলেট থাকতেন সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা।