১৬ বছরের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খুঁজে দেখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ১৬ বছরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে হওয়া অনিয়ম ও দুর্নীতির তদন্তে কমিটি হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, আপগ্রেডেশন ও বেতন গ্রেড প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্তের আলোকে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরোকে তদন্তকাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তদন্ত কর্মকর্তা আজ থেকেই তাঁর দায়িত্ব পালন শুরু করবেন। সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে তিনি সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, বিভাগ ও ইনস্টিটিউটকে তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।