স্যার জন উইলসন স্কুলের কার্নিভ্যালে প্রথমা বুক ক্যাফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার জন উইলসন স্কুলের কার্নিভ্যালে অংশ নেয় প্রথমা বুক ক্যাফে
ছবি: সংগৃহীত

স্যার জন উইলসন স্কুলের কার্নিভ্যালে অংশ নিয়েছে প্রথমা বুক ক্যাফে। স্কুলের প্রিন্সিপ্যাল সাবরিনা শহীদের আমন্ত্রণে গতকাল শনিবার কার্নিভ্যালে যোগ দেয় প্রথমা বুক ক্যাফে।

রাজধানীর খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অন্যতম স্যার জন উইলসন স্কুল। স্কুলটি নিয়মিত শিক্ষার্থীদের নানা সৃজনশীল কাজে উৎসাহিত করে। প্রতি সপ্তাহে সেখানে ইংরেজি বইয়ের পাশাপাশি বাংলা বইয়ের পাঠচক্র, আলোচনা, রিভিউ লেখার আয়োজন হয়। ছোট বাচ্চাদের বই থেকে পড়ে শোনানো হয় গল্প, কবিতা ও ছড়া। সেই ধারাবাহিকতায় চমৎকার আনন্দমুখর পরিবেশে গতকাল সেখানে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক কার্নিভ্যাল।

প্রথমা বুক ক্যাফেতে ভিড় জমান পাঠকেরা
ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী পিঠা, বৈচিত্র্যময় খাবার, নাগরদোলা, বাহারি পণ্য ও হরেক রকম আয়োজনের সঙ্গে অন্যতম আকর্ষণ ছিল প্রথমা বুক ক্যাফের বইয়ের দোকান। ক্যাফেতে দেশি ও বিদেশি বইয়ের মানসম্পন্ন সংগ্রহের প্রশংসা করেছেন পাঠক-ক্রেতারা। পাঠক-ক্রেতাদের হাতে মানসম্পন্ন বই তুলে দিতে পেরে প্রথমা বুক ক্যাফেও আনন্দিত। পাঠকের কাছে বই পৌঁছে দিতে সামনের দিনগুলোয় আরও কাজ করতে চান বলে জানিয়েছেন প্রথমা বুক ক্যাফের ইনচার্জ গৌরাঙ্গ হালদার।

প্রথমা বুক ক্যাফেটি মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্ট সাইডে অবস্থিত। দেশি-বিদেশি যেকোনো ধরনের মানসম্পন্ন বই পেতে দোকানটি ঘুরে আসতে পারেন। যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ ProthomaBookCafe-তে।