নতুন মোড়কে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ১৪ বই

চ্যানেল আই প্রাঙ্গণে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বইয়ের নতুন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে লেখক। ২৬ সেপ্টেম্বর ২০২৬ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

শিশু–কিশোরদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হলো নতুন রূপ ও ভিন্ন আঙ্গিকে। শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা ছোটকাকু সিরিজের ১৪টি বই নতুন মোড়কে প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’। আজ শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশিত ১৪টি বইয়ের মধ্যে ১০টিতে রয়েছে ২টি করে মোট ২০টি রহস্যকাহিনি। ব্যতিক্রমী পরিকল্পনায় প্রতিটি বইয়ে রাখা হয়েছে দুটি করে প্রচ্ছদ। এ ছাড়া সিরিজটিতে যুক্ত হয়েছে আরও ৪টি অনুবাদ গ্রন্থ। সব কটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ফরিদুর রেজা সাগরের সঙ্গে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দেশ রূপান্তর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

রাজধানীর তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন ও তারিক আনাম খান। ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ব্যবস্থাপনা অংশীদার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম।

অনুষ্ঠানে জানানো হয় ছোটকাকুর ভক্ত-পাঠকদের জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) রাজধানীর তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’তে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’। বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’ এই উৎসবের আয়োজন করছে।