বাংলাদেশকে মিসকিনের দেশে পরিণত করতে ক্ষমতায় আসতে চায় বিএনপি: স্থানীয় সরকারমন্ত্রী
বাংলাদেশকে গরিব ও মিসকিনের দেশ হিসেবে পরিণত করার জন্য বিএনপি ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, ১৯৭২ সালে মাথাপিছু আয় ৯৪ ডলার নিয়ে যাত্রা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাত্র সাড়ে ৩ বছরে তিনি মাথাপিছু আয় ২৭৭ ডলারে উন্নীত করেন। পরের ২১ বছরে জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ মাথাপিছু আয় বাড়াতে পেরেছেন মাত্র ৫২ ডলার। আর গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার মাথাপিছু আয় বাড়িয়েছে ২ হাজার ১২৪ ডলার।
বিএনপি ও তার সহযোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা মেট্রো করেনি, পদ্মা সেতু করেনি, টানেল করেনি, খাদ্যঘাটতি সৃষ্টি করেছে ৪০ লাখ টন, একফোঁটা বিদ্যুৎ উৎপাদন করেনি। একযোগে বোমা মেরেছে ৬৪ জেলায়, বাংলা ভাই মানুষ মেরে গাছে টাঙিয়ে রেখেছেন, কিবরিয়া সাহেব ও আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে—এই কাজগুলো তারা কৃতিত্বের সঙ্গে করেছে। এ জন্য তাদের ক্ষমতায় আনতে হবে!
দেশ ধ্বংস হয়ে গেছে, মেরামত বা সংশোধন করতে হবে, এমন বক্তব্যের সমালোচনা করে তাজুল ইসলাম বলেন, ‘তারা বলে, দেশ ধ্বংস হয়ে গেছে, কারেকশন করতে হবে। কী কারেকশন করতে হবে, দেশকে ভিক্ষুক আর মিসকিনের জাতিতে পরিণত করতে হবে। আর এ জন্য তাদের ক্ষমতায় আনতে হবে!’
নিজের দলের দোষও স্বীকার করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘ত্রুটিবিচ্যুতি আমাদের দলের ভেতরে নেই, এটি বলা সম্ভব নয়। অনেক ত্রুটিবিচ্যুতি আছে, ব্যর্থতা আছে—এগুলো আমাদের কষ্ট দেয়।’
বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং বিভাগটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েট আয়োজিত দুই দিনব্যাপী পরিকল্পনা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের ভৌত পরিকল্পনা করার প্রতি জোর দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিছিন্ন কোনো পরিকল্পনা দিয়ে চূড়ান্ত সুফল পাওয়া যাবে না, দিন শেষে কিছু সমস্যা থেকেই যাবে। তাই সারা দেশের জন্য পরিকল্পনা করতে হবে, আর সেই পরিকল্পনা আওতায় ঢাকা শহরের পরিকল্পনা অন্তর্ভুক্ত রাখতে হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা ঢাকা মহানগর পরিকল্পনা (ড্যাপ) চূড়ান্তকরণসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতির দায়িত্বে আছেন তাজুল ইসলাম। অনুষ্ঠানে ড্যাপ সম্পর্কেও মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, ঢাকায় কত মানুষ থাকবে, সেটি ঠিক করতে হবে এবং যারা থাকবে, তাদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসি উদ্দীন। তিনিও সারা দেশের জন্য ভৌত পরিকল্পনা করার ওপর জোর দেন। ড্যাপ নিয়ে তিনি বলেন, ড্যাপ নিয়ে অনেক কথা হয়েছে। কেউ এতে খুশি, কেউ অখুশি। ড্যাপ বাস্তবায়িত না হলে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, এখন ড্যাপ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। বক্তব্যের শেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত বুয়েট শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বুয়েটের আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং অনুষদের ডিন অধ্যাপক ইশরাত ইসলাম বলেন, দেশের প্রতি ইঞ্চি জমির যাতে সদ্ব্যবহার করা যায়, সে জন্য পরিকল্পনা করাতে হবে। পরিকল্পনা করার ক্ষেত্রে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি।
বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান। অনুষ্ঠানে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফসানা হক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর–পরিকল্পনাবিদ আশরাফুল ইসলামসহ অনেকেই বক্তব্য দেন।