যত বাধা আসুক, জলাধারের জায়গা উদ্ধার হবেই: মেয়র আতিক
রাজধানীর কল্যাণপুর জলাধারের বেদখলে থাকা জায়গা যেকোনো মূল্যেই উদ্ধার করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এই জলাধারকে কেন্দ্র করে একটি ‘হাইড্রো ইকোপার্ক’ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। শহরের বৃষ্টির পানি সংরক্ষণে এই হাইড্রো ইকোপার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইকোপার্ক নির্মাণের ক্ষেত্রে যতই বাধা আসুক, নগরবাসীর কল্যাণে এটা বাস্তবায়ন করা হবেই।
বুধবার দুপুরের দিকে রাজধানীর গাবতলী বেড়িবাঁধ সড়ক-সংলগ্ন কল্যাণপুর জলাধারের বেদখল হওয়া জায়গা উদ্ধার ও খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটির মেয়র এসব কথা বলেন।
ঢাকা ওয়াসার কাছ থেকে জলাধারটির বুঝে নেওয়ার পর থেকে জলাধারের বেদখলে থাকা জায়গা উদ্ধারে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ।
মেয়র আতিকুল ইসলাম বলেন, কল্যাণপুর জলাধারের সঙ্গে পাঁচটি খালের সংযোগ রয়েছে। মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও মিরপুরের বিভিন্ন এলাকার বৃষ্টির পানি ওই খালগুলো দিয়ে জলাধারে এসে জমা হয়। কিন্তু জলাধারের যে পরিমাণ জায়গা বেদখল হয়ে আছে, সেটা উদ্ধার করতে না পারলে ওই এলাকাগুলো পানির নিচে ডুবে থাকবে।
জলাধারের বেশির ভাগ জায়গা এখনো বেদখল উল্লেখ করে মেয়র বলেন, জলাধারের জায়গা উদ্ধার এবং খননকাজ করতে গিয়ে অনেক ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে। কারণ, ঢাকা ওয়াসার আওতায় ৫২ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু তারা (ওয়াসা) জায়গাগুলো রক্ষা কিংবা দখলমুক্ত করতে পারেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সিটি করপোরেশন প্রায় ৩০ বিঘা জায়গা উদ্ধার করেছে।
সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক জলাধারের জায়গা ভরাট হওয়ায় ক্ষোভ জানিয়ে মেয়র আতিক বলেন, কল্যাণপুর জলাধারের প্রায় ১৭৩ একর জমি। এর মধ্যে বিএডিসির প্রায় ১১০ একর। আইনে পরিষ্কার বলা আছে, বিএডিসি শীতকালে জায়গাটি বীজতলা হিসেবে ব্যবহার করবে। আর বর্ষায় এটি হবে জলাধার। কিন্তু বিএডিসি জলাধারের জায়গা ভরাট করার বিষয়টি খুবই দুঃখের। এর ফলে বর্ষাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হবে।
মেয়রের পরিদর্শনের সময় ওই জায়গায় জমির মালিক, কয়েক শ স্থানীয় বাসিন্দা তাঁদের উচ্ছেদ না করা ও অধিগ্রহণ হওয়া জমি অবমুক্তের দাবিতে ব্যানার নিয়ে স্লোগান দেন। মেয়র তাঁদের উদ্দেশে বলেন, ‘কারও যদি জমি থাকে, তাঁদের ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। জমির কাগজপত্র নিয়ে সেখানে যান এবং ক্ষতিপূরণ নেন।’
উত্তর সিটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার প্রায় অভিযান চালিয়ে ১৫ বিঘা জায়গা উচ্ছেদে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটির আওতাধীন ২৯টি খাল ও ১টি জলাধারের সীমানা চিহ্নিতকরণ ও খুঁটি স্থাপন প্রকল্পের কাজ চলমান।
এ পরিদর্শন কর্মসূচিতে ঢাকা উত্তর সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।