অবরোধ সমর্থনে ছাত্রদলের ঝটিকা মিছিল, ক্যাম্পাসে ছাত্রলীগের সতর্ক অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল
ছবি: সংগৃহীত

পঞ্চম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ বুধবার সকালে ক্যাম্পাস-পার্শ্ববর্তী বাংলাবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ঝটিকা মিছিল করে।

এদিকে আজ সকালে ক্যাম্পাসের প্রধান ফটকসহ শহীদ মিনারের সামনে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের ‘সতর্ক অবস্থান’ করতে দেখা যায়।

ঝটিকা মিছিল করার তথ্য জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বলা হয়, শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে ঝটিকা মিছিলটি হয়। মিছিলটি বাংলাবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন।

ক্যাম্পাসে সংগঠনের নেতা-কর্মীদের ‘সতর্ক অবস্থানের’ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসাইন বলেন, দুষ্কৃতকারীদের নাশকতা রুখতেই তাঁরা এ পদক্ষেপ নিয়েছেন।

শহীদ মিনারের সামনে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক অবস্থান
ছবি: প্রথম আলো

আজ সকাল ছয়টা থেকে বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়, নিহত নেতা-কর্মীদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিএনপি এ অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল-জোটও এ অবরোধ কর্মসূচি নিয়েছে।