বঙ্গভবনের সামনের সড়কে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু
রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গভবনের সামনের সড়কে আজ শুক্রবার বিকেলে বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজিব হাওলাদার (৩৫)।
সোহেল রানা নামের এক পথচারী আহত রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি প্রথম আলোকে বলেন, বিকেলে বঙ্গভবনের সামনে বিকল্প পরিবহনের একটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক রাজিব রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
সোহেল রানার ভাষ্যমতে, ওই রিকশায় একটি শিশুসহ চারজন যাত্রী ছিল। তাদের কিছুই হয়নি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তাঁরা রিকশা থেকে নেমে যান এবং রিকশাটিরও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু রাজিব রাস্তায় পড়ে ছিলেন।
পরে রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সোহেল রানা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রাজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানায় জানানো হয়েছে।
সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান রাজিবের বাবা রিপন হাওলাদার। তিনি বলেন, ‘খবর পাই ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু হাসপাতালে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই।’
রাজিব মা-বাবার সঙ্গে রাজধানীর সবুজবাগ মাদারটেক সরকার পাড়ায় থাকতেন। তাঁর বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার দুলগ্রামে।