সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুজনের জীবিত সন্ধান মিলেছে
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে আজ রোববার লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পাওয়া গেছে। ট্রলার থেকে পড়ে যাওয়ার পর সাঁতার কেটে তাঁরা নদীর অন্য পাশে ওঠেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ট্রলার থেকে পড়ে যাওয়ার পর নিখোঁজ দুই যাত্রী নদীর অন্য পাশে সাঁতরে উঠেছে। তাঁদের কাছে মুঠোফোন না থাকায় পরে তাঁরা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে পাড়ে ওঠার বিষয়টি জানান। ট্রলারের মালিক ফায়ার সার্ভিসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাই আর কেউ নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষ করেছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১০ জন যাত্রী পানিতে পড়ে যান। তাঁর মধ্যে আটজনকে নিরাপদে উদ্ধার করা গেলেও দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা গেছে, তাঁরা নদীর অন্য পাশে সাঁতরে উঠেছে।
দুর্ঘটনার বিষয়ে নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখায় কিছু একটা আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রলারটি নড়াচড়া করতে পারছিল না। এমন সময় বরিশাল থেকে আসা সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে এটি ডুবে যায়।