২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে টাকা দেব না: মেয়র আতিক
যেখানে রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম হলে ভবন নির্মাণেরই অনুমোদন দেওয়া হয় না, সেখানে এর চেয়ে ছোট রাস্তার কোনো উন্নয়নকাজে অর্থ বরাদ্দও দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মেয়র বলেন, ‘যেসব রাস্তা ২০ ফুটের কম প্রশস্ত, এমন ছোট রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেওয়া হবে না। যেখানে রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম হলে ভবন নির্মাণেরই অনুমোদন দেওয়া হয় না, সেখানে এর চেয়ে ছোট রাস্তার কোনো উন্নয়নকাজে অর্থ বরাদ্দও দেওয়া হবে না। তাই যাঁরা অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে রেখেছেন, তাঁরা শিগগিরই দখল রাস্তা ছেড়ে দেন। না হলে রাস্তার কোনো কাজ হবে না।’
আজ বুধবার রাজধানীর গুলশান-২-এর নগর ভবনের ষষ্ঠ তলায় অনুষ্ঠিত ১৬তম করপোরেশন সভায় (বোর্ড সভা) সভাপতির বক্তব্যে মেয়র এমন ঘোষণা দেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগের সঙ্গে সমন্বয় করে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, তাদের সবাইকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হবে। কোন ভবন নির্মাণে কেমন নকশা অনুমোদন দেওয়া হয়েছিল, তা ঢাকা উত্তর সিটির কাছে দিতে হবে। যাঁরা রাস্তার জায়গা দখল করে আছেন, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
অবৈধ দখলে রাস্তা সরু হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, নগরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মানুষের যাতায়াতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।
এ ছাড়া সভায় বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, যানজট কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ এবং কাপ্তান বাজারে কাঁচাবাজার স্থানান্তর নিয়ে আলোচনা হয়।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।