তিন দিনের চেষ্টায় হয়নি, যত দেরিই হোক আজ নিতে হবে তেল

আরামবাগের এইচ কে ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা করছেন প্রাইভেট কারের চালক আরিফ হোসেন। আজ শনিবার দুপুরেছবি: নোমান ছিদ্দিক

গনগনে রোদের তাপ। তেলের জন্য লাইনে মোটরসাইকেল, প্রাইভেট কার রেখে গাছের ছায়ায় বসে আছেন চালকেরা। তবে প্রাইভেট কারের চালক আরিফ হোসেন মরিয়া। গাড়ির সামনে গ্লাসে গামছা দিয়ে রেখে ভেতরেই আছেন তিনি। যেভাবেই হোক তিনি আজ তেল নিতে চান। তাই নড়ছেন না।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর আরামবাগের মেসার্স এইচ কে ফিলিং স্টেশনের সামনের সড়কে আরিফ হোসেনের সঙ্গে দেখা হয়। এই পাম্পে তখনো তেল আসেনি। চালকেরা তেল আসার অপেক্ষায়।

গাড়িগুলো রাস্তায় রেখে সড়কের পাশে অপেক্ষা করছেন চালকেরা। আরামবাগ এইচ কে ফিলিং স্টেশন
ছবি: নোমান ছিদ্দিক

আরিফ হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, গত তিন দিন চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করে ফিরে গেছেন, তেল পাননি। তেলের জন্য তিন দিনই তিনি যখন লাইনে দাঁড়িয়েছিলেন, তখন পেছনে ছিলেন। ফলে লাইন মেনে ফিলিং স্টেশনের কাছাকাছি আসতে আসতে শুনতে পান তেল শেষ। সে জন্য আজ সকাল ছয়টার আগে লাইনে দাঁড়ান। তবু তাঁর সামনে ছয়টি গাড়ি। বেলা ১১টা বাজলেও তিনি তেল পাননি।

রাজধানীর মতিঝিলের করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন চালকেরা
ছবি: নোমান ছিদ্দিক

আরিফ হোসেন বলেন, ‘আজকে যেভাবে হোক তেল নিতেই হবে। তাই সবার আগে লাইনে দাঁড়াতে ভোরে এসেছি, কিন্তু এসে দেখি আমার আগে পাঁচ থেকে ছয়টি গাড়ি এসে সিরিয়ালে দাঁড়িয়েছে। তবু আশা করছি তেল পাব, সেটা যতই দেরি হোক। পাম্প থেকে বলেছে একটার দিকে তেল আসবে। সে জন্য অপেক্ষা করছি।'

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার পর আবার নিয়োগকর্তার কাজে যেতে হয়। ফলে বিশ্রাম পান না। কিন্তু কিছু করার নেই।

এই ফিলিং স্টেশনে বেলা ১১টার দিকে ১৫৮টি মোটরসাইকেল ও ১০৪টি প্রাইভেট কার অপেক্ষায় থাকতে দেখা যায়। সকাল ১০টার দিকে রাজারবাগ ফিলিং স্টেশনে দেখা যায়, ৯৪টি মোটরসাইকেল ও ৫৭টি প্রাইভেট কার তেলের জন্য অপেক্ষা করছে। এই ফিলিং স্টেশনের কর্মী মো. শিপন হাতমাইকে বলেন, ‘অকটেন হবে না, যাঁরা পেট্রল নেবেন, শুধু তাঁরা লাইনে দাঁড়ান।’

রাজারবাগ ফিলিং স্টেশনে চালকেরা তেলের জন্য অপেক্ষা করছেন। আজ শনিবার সকাল ১০টার সময় তোলা
ছবি: নোমান ছিদ্দিক

এই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আয়নাল হক প্রথম আলোকে জানান, তাঁদের পাম্পে সাড়ে চার হাজার লিটার অকটেন আসে। আজকে যে তেল আছে, তা অল্প কিছু চালককে দিতে পারবেন। কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেল না পেলে মন খারাপ হবে, সে জন্য আগেই জানিয়ে দিচ্ছেন।

বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো আজও দীর্ঘ লাইন। মোটরসাইকেলের লাইন মতিঝিল থেকে ঘুরে বাফুফে ভবন পর্যন্ত চলে গেছে।

এই পাম্পে তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেলের চালক মো. সবুজ। তিনি জানান, সকাল ছয়টার সময় এসেছেন। সাড়ে পাঁচ ঘণ্টা অপেক্ষা করলেও তেল পাননি। তবে ফিলিং স্টেশনে তেল এলে পাবেন, সে জন্য অপেক্ষা করছেন।