সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত কলামে সাপোর্ট দিতে আনা হয়েছে স্টিলের পাইপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ক্ষতিগ্রস্ত কলামগুলোতে ‘সাপোর্ট’ দেওয়ার জন্য আনা হয়েছে স্টিলের পাইপ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সিদ্দিকবাজারে
ছবি: প্রথম আলো

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ক্ষতিগ্রস্ত কলামে সাপোর্ট দিতে দুর্ঘটনাস্থলে স্টিলের পাইপ এনেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকের) কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুটি ভ্যানে করে মোট ৯টি স্টিলের পাইপ আনা হয়।

রাজউকের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে কলামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনের ভার নিতে পারছে না। তাই কলামগুলোকে আলাদা করে ভবনের ভার নেওয়ার উপযোগী করতে হবে। এ জন্য পাইপগুলো দিয়ে প্রপস বা ঠিকা দেওয়ার কাজটি করা হবে। এতে ভবনটি দাঁড় করিয়ে রাখার অর্থাৎ ‘স্টেবল’ হবে।

আরও পড়ুন

কর্মকর্তারা জানান, একেকটি পাইপের আয়তন ৬ ইঞ্চি। আর লম্বায় ২০ ফুট। এখন পর্যন্ত ৯টি এ রকম স্টিলের পাইপ আনা হয়েছে। পাইপগুলোকে মাইল্ড স্টিল বা এমএস পাইপ বলে। বাজারের সব জায়গায় এ ধরনের পাইপ সচরাচর পাওয়া না যাওয়ায় আনতে দেরি হয়েছে বলেও কর্মকর্তারা জানান।

এর আগে আজ দুপুরে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি স্টেবল (দাঁড় করিয়ে রাখা) করার কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী। তিনি তখন বলেছিলেন, ভবনটি যাতে পড়ে না যায়, আগে সে কাজে জোর দেওয়া হচ্ছে। আগামীকাল শুক্রবারের মধ্যে এই কাজ করা সম্ভব হবে। আর ভবনটি যাতে পড়ে না যায়, সে ব্যবস্থা করার পর সামনের সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রাজউকের একজন কর্মকর্তা বলেছেন, ঠিক কতগুলো পাইপ লাগবে, তা এখনো বোঝা যাচ্ছে না। তাই আরও পাইপ আনা হচ্ছে। রাতেই কলামগুলোকে সাপোর্ট দেওয়ার কাজ শুরু হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণে সাততলা ভবনের নিচতলা ও বেজমেন্ট বিধ্বস্ত হয়েছে। ওই ভবন পরিদর্শন করে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য কলামের ওপরও বিস্ফোরণের প্রভাব পড়েছে। ভবন ধসে পড়া ঠেকাতে ক্ষতিগ্রস্ত কলামগুলোতে সাপোর্ট দিতে হবে।