কমলাপুরে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর উত্তর কমলাপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাফর বলেন, ওই নারী রাস্তায় ভাঙারি সংগ্রহ করতেন। উত্তর কমলাপুর এলাকার একটি বেসরকারি ব্যাংকের বুথের সামনের রাস্তায় ভাঙারি সংগ্রহের সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়।

চাকার নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে উল্লেখ করে এসআই আবু জাফর জানান, নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।