ঢাকা ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যুপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও টঙ্গীর পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার তেজগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় মো. জোবায়ের আহামেদ (৬০) নামের এক ব্যবসায়ী মারা যান। উত্তরার আজমপুরে রেললাইন পারপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. সজীব (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া টঙ্গী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, তেজগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পথচারী জোবায়েরকে উদ্ধার করে বেলা একটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জোবায়েরের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন তাঁর চাচাতো ভাই খালিদ। তিনি বলেন, জোবায়ের একটি জরুরি কাজে ঢাকায় এসেছিলেন। তাঁর বাড়ি সাভার বলিয়াপুরের চাকুলিয়া গ্রামে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শ্রী সুনীল চন্দ্র সূত্রধর বলেন, উত্তরার মধ্য আজমপুর এলাকায় মুঠোফোন কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনে কাটা পড়ে সজীবের মৃত্যু হয়। তিনি দক্ষিণখান এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে টঙ্গী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। তৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৫৫) বছর। পথচারীরা তাঁকে উদ্ধার করে আজ বোলা সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।