পানিতে ডুবে মৃত্যুরোধে জাতীয় কর্মপন্থা তৈরি হচ্ছে: স্বাস্থ্যসেবা সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিরডাপের বেসরকারি সংগঠন সিআইপিআরবি আজ ‘পানিতে ডুবে যাওয়া প্রতিরোধ কার্যক্রম ত্বরান্বিত করা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে
ছবি: সিআইপিআরবির সৌজন্যে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া। এই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব, যা আমাদের দেশের গবেষকেরাই গবেষণা করে বের করেছেন। এখন জাতীয় পর্যায়ে এই পদ্ধতিগুলো অবলম্বন করার সময় এসেছে। পানিতে ডুবে মৃত্যু রোধে একটি জাতীয় পর্যায়ের কর্মপন্থা (ন্যাশনাল স্ট্র্যাটেজি) তৈরির দ্বারপ্রান্তে রয়েছি আমরা, যা বাস্তবায়ন ত্বরান্বিত করার উদ্যোগ নিতে হবে।’

‘পানিতে ডুবে যাওয়া প্রতিরোধ কার্যক্রম ত্বরান্বিত করা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সেমিনার হয়। বেসরকারি সংগঠন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর আয়োজন করে। আগামীকাল জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস। এ উপলক্ষেই আজকের সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের স্বাগত বক্তব্যে সিআইপিআরবির নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে ২০০৫ সাল থেকে কাজ করছে সিআইপিআরবি। এবারের দিবসের প্রতিপাদ্য, (১) পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে একটি কাজ করব, (২) একটি কাজের উন্নয়ন করব এবং (৩) একটি কাজের সাথে যুক্ত হব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইপিআরবির উপনির্বাহী পরিচালক আমিনুর রহমান। বাংলাদেশের পানিতে ডুবে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন গড়ে ৫০ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ৪০ জনই শিশু। এই প্রতিটি জীবনই অপার সম্ভাবনাময় এবং এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধযোগ্য। এই মৃত্যু প্রতিরোধের গুরুত্ব বিবেচনা করে ২৫ জুলাইকে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৯ মে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি প্রথমবারের মতো পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধকে রেজল্যুশন হিসেবে গ্রহণ করেছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আবুল ফয়েজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন প্রমুখ।

আলোচকেরা তাঁদের বক্তব্যে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, অনেক সময় এই মৃত্যুকে দুর্ঘটনা বলে নথিভুক্ত করা হয় না। যার ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা দৃষ্টিগোচর হয় না।