পুলিশ যেন কাউকে হয়রানি না করে: ডিএমপি কমিশনার
থানা ও তল্লাশিচৌকিতে পুলিশ সদস্যদের দ্বারা নগরবাসী যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
রোববার রাজধানীতে ডিএমপি সদর দপ্তরে মার্চ ও এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় খন্দকার গোলাম ফারুক বলেন, থানাকে আরও জনবান্ধব করতে হবে। সাধারণ মানুষ সেবা নিতে এসে যাতে হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে হবে। এ জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, কমিশনারের স্পষ্ট নির্দেশনা হচ্ছে, পুলিশ সদস্যদের কাছে সেবা নিতে এসে মানুষ যাতে হয়রানির শিকার না হোন। হয়রানি হলে তা তদন্ত করে জড়িত পুলিশের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কর্মকর্তারা আরও বলেন, রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয় সভায়। চুরি ও ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন কমিশনার। এ ছাড়া পুরোনো মামলার তদন্ত শেষ করা, গ্রেপ্তারি পরোয়ানা আছে এমন আসামিদের গ্রেপ্তার করার প্রতিও জোর দেওয়া হয়।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারেরর সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ছাড়াও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।