আঞ্চলিক ভাষা নিয়ে আরএফএল হাউসওয়্যারের ব্যতিক্রমী উদ্যোগ
ভাষার মাসে সব আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে ‘মায়ের ভাষা’ নামের একটি কর্মসূচি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড ‘আরএফএল হাউসওয়্যার’। এ কর্মসূচির প্রতিপাদ্য ‘মায়ের ভাষাতেই আপন পরিচয়’।
আরএফএল হাউসওয়্যারের বিপণন বিভাগের প্রধান ইসফাকুল হক বলেন, ‘মানুষ সব ভুলতে পারলেও তার শিকড়ের পরিচয় ভুলতে পারে না। মায়ের ভাষা মানুষের শিকড়ের পরিচয় দেয়। তাই আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়, সেই বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কর্মসূচি।’
কর্মসূচির আওতায় রিদমিক কি–বোর্ডের সঙ্গে সমন্বয় করে দেশের ১১টি আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের স্টিকার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা পছন্দের আঞ্চলিক ভাষার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মনের ভাব তুলে ধরতে পারবেন।
এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সংবাদ ও অনুষ্ঠানের শুরুতে উপস্থাপকেরা আঞ্চলিক ভাষায় দর্শক-শ্রোতাদের তা দেখার আমন্ত্রণ জানান। আরএফএল হাউসওয়্যারের ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন মাধ্যমে আঞ্চলিক ভাষায় নির্মিত ভিডিও কনটেন্টও প্রচার হয়েছে।
আরএফএল হাউসওয়্যারের বিপণন বিভাগের প্রধান ইসফাকুল হক আরও বলেন, আরএফএল চায়, আঞ্চলিক ভাষাকে ঘিরে মানুষের মধ্যে যে সংকোচ কাজ করে তা দূর করতে। আরএফএল হাউসওয়্যার এর আগেও ভাষার মর্যাদা রক্ষায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কাজ করে যাবে।