ট্রান্সজেন্ডারদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনের দাবি
ট্রান্সজেন্ডার (রূপান্তরিত নারী) ও হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা রয়েছে। ফলে লিঙ্গবৈচিত্র্যের লক্ষণ পরিলক্ষিত হলে হিজড়াকে সমাজ ও পরিবার থেকে বের করে দেওয়া হয়। বাসস্থানহীন এসব জনগোষ্ঠীর মানুষের জন্য সরকারি সহয়তায় একটি আশ্রয়কেন্দ্র দরকার।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলের সেমিনার রুমে ‘ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গবৈচিত্র্য জনগোষ্ঠীর জরুরি সহয়তা’ সভায় এমন দাবি করা হয়। সভার আয়োজন করে হিজড়া অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘সম্পর্কের নয়া সেতু’।
সভায় ট্রান্সজেন্ডাররা বলেন, দেশের সরকার অন্য দেশের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশে আলাদা করে আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। রোহিঙ্গাদের মতো ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর জন্য আলাদা আশ্রয়কেন্দ্র স্থাপন করতে হবে। সেখানে দেশের অন্যান্য জনগণ যেসব সুবিধা পাবে, সেসব সুবিধা নিশ্চিত করতে হবে।
ট্রান্সজেন্ডাররা আরও বলেন, হিজড়া এবং ট্রান্সজেন্ডার ব্যক্তি কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতাল, সেই সঙ্গে বেসরকারি হাসপাতালে সেবার জন্য গেলে তারা ভালো স্বাস্থ্যসেবা পান না। অনেক ক্ষেত্রে চিকিৎসকেরা তাঁদের দেখতে অস্বীকৃতি জানান এবং অ্যাটেনডেন্ট ও নার্সরা চিকিৎসকদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে অন্যদের তুলনায় তাঁদের অনেকক্ষণ অপেক্ষা করান।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোকতার হোসেন বলেন,‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। হিজড়াদের প্রতি সামাজিক বৈষম্য কমাতে পরিবারকে প্রথমে ভূমিকা রাখতে হবে। হিজড়া শিশু জন্ম নিলে পরিবার থেকে আলাদা করা যাবে না। তিনি বলেন, ‘আমরা মানুষ, এটা আমাদের বড় পরিচয়। তবে আমাদের সমাজ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ট্রান্সজেন্ডার বা লিঙ্গবৈচিত্র্যের বিষয়ে সমাজ থেকে নেতিবাচক ধারণা দূর করতে ছোটবেলায় শিশুদের জানাতে হবে। এর জন্য ট্রান্সজেন্ডার–বিষয়ক তথ্য পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে।
সংগঠনের সভাপতি জয়া সিকদার বলেন, ‘ট্রান্সজেন্ডার—ট্রান্সম্যান, ট্রান্সওমেন ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এই জনগোষ্ঠীর মানুষেরা সমাজে নানাভাবে উপেক্ষিত হন। বঞ্চিত হন বিভিন্ন নাগরিক সুবিধা থেকেও।’ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পর্কের নয়া সেতুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চলনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম, ব্র্যাকের জেন্ডার টিম প্রোগ্রাম ম্যানেজার শারমীন আরা শাম্মী।