রাজধানীর নবাব ইউসুফ মার্কেটের পলেস্তারা খসে পড়ছে, ঝুঁকিতেই চলছে বিক্রিবাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নবাব ইউসুফ মার্কেটের ছাদের রড বেরিয়ে পড়েছে বহু আগে। ১৮ এপ্রিল তোলা
ছবি: দীপু মালাকার

ছাদের রড বেরিয়ে পড়েছে বহু আগেই। মাঝেমধ্যে যেখানে–সেখানে পলেস্তারা খসে পড়ছে। যদিও এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঝুঁকি রয়েছে। এর মধ্যেও চলছে দোকান। ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা। রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেটের চিত্র এটা।

মার্কেট ভবন প্রায় ৬৩ বছরের পুরোনো। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বহুতল নতুন ভবন নির্মাণের উদ্যোগ থমকে আছে। ঝুঁকি থাকা সত্ত্বেও দোকানিদের দাবি, আরও অন্তত ২০ বছরেও এ মার্কেট ভেঙে পড়বে না।  

দীর্ঘ তিন দশক ধরে নবাব ইউসুফ মার্কেটে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন নাজিম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ভাড়ার টাকা থেকে দোকানের মালিক নতুন করে ছাদ ঢালাই করে দেবেন বলেছেন। কিন্তু এখনো করে দেননি। এভাবে ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন, ‘দোকান তো ছেড়ে দেওয়াই যায়। আমি ছেড়ে দিলে অন্য কেউ হয়তো ভাড়া নেবে। তাই ঝুঁকি জেনেও ব্যবসা করে যাচ্ছি।’

মার্কেটটি আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরপরও সিটি করপোরেশন ভাড়া নিচ্ছে, ট্রেড লাইসেন্স নবায়ন করছে। টাকা তুললেও রক্ষণাবেক্ষণ তো করেনি।
আলী মোল্লা, সাধারণ সম্পাদক, নবাব ইউসুফ মার্কেট বণিক সমিতি
পুরান ঢাকার নবাব ইউসুফ মার্কেট অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ১৮ এপ্রিল তোলা
ছবি: দীপু মালাকার

নয়াবাজারে প্রায় ১২ বিঘা জমির ওপর নবাব ইউসুফ মার্কেট গড়ে উঠেছে। ১৯৬০ সালে পাকিস্তান সরকার দোতলা এ মার্কেট নির্মাণ করেছিল। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাতে এর মালিকানা।

এখন ছয়টি পৃথক ভবনে নবাব ইউসুফ মার্কেট অনেকটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ মার্কেটে হার্ডওয়্যার, পলিথিন, কার্টন, পাইপ ও লোহালক্কড়ের ব্যবসা চলে। এখানে একটি কাঁচাবাজারও আছে। ৬টি ভবনে ৪৭৫টি দোকান রয়েছে। কাঁচাবাজারে দোকানের সংখ্যা ২৪৪।

গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, নবাব ইউসুফ মার্কেটের এক নম্বর ভবনের বেশির ভাগ জায়গায় হয় দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, না হয় ছাদের পলেস্তারা খসে পড়েছে। হাঁটাচলার জন্য একটি গলি আছে। গলিতে মালামাল রেখে পথ প্রায় বন্ধ করে রাখা হয়েছে। গলির ওপরের ছাদের পলেস্তারাও খসে পড়েছে। রড দেখা যাচ্ছে।

মার্কেটের আরেকটি ভবনের কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, প্রায় সবখানে ছাদের পলেস্তারা খসে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দোকানে বিক্রিবাট্টার কাজ চলছে। মার্কেটের কয়েকটি পিলারের রড দেখা যাচ্ছে। কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে।

পুরান ঢাকার নবাব ইউসুফ মার্কেট ভেঙে বহুতল নতুন ভবন তৈরি করতে নকশা তৈরির কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। মেয়রের অনুমোদনের পর দরপত্র আহ্বান করা হবে। এরপর সেখানে নির্মাণকাজ শুরু হবে।
তৌহিদ সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিএসসিসির মার্কেট নির্মাণ সেল
পুরান ঢাকার নবাব ইউসুফ মার্কেটে মাঝেমধ্যে যেখানে–সেখানে পলেস্তারা খসে পড়ছে। ১৮ এপ্রিল তোলা
ছবি: দীপু মালাকার

ঝুঁকিপূর্ণ জেনেও কেন কাজ করছেন—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হোসেন নামের এক দোকানকর্মী প্রথম আলোকে বলেন, ‘ভবন ঝুঁকিপূর্ণ হয়নি। আরও ২০ বছর এখানে ব্যবসার করা যাবে। মার্কেট খোলামেলা আছে। আগুন লাগলেও নেভাতে বেশি সময় লাগবে না।’

এ বিষয়ে নবাব ইউসুফ মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক আলী মোল্লা প্রথম আলোকে বলেন, মার্কেটটি আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরপরও সিটি করপোরেশন ভাড়া নিচ্ছে, ট্রেড লাইসেন্স নবায়ন করছে। টাকা তুললেও রক্ষণাবেক্ষণ তো করেনি।

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের সময়ে নবাব ইউসুফ মার্কেট ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই সময় দোকানমালিকদের পক্ষে রিট করেন আলী মোল্লা। এই ব্যবসায়ী বলেন, ‘ওই মামলার পর সিটি করপোরেশনের কাছে জবাব চাওয়া হয়েছিল। তারা জবাব দেয়নি। মার্কেটও আর ভাঙেনি। মার্কেট ভাঙা হলে দোকানিদের কী হবে—এ বিষয় আগে পরিষ্কার জানাতে হবে।’

এ বিষয়ে ডিএসসিসির রাজস্ব বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও কোন বিবেচনায় এ মার্কেট থেকে দোকানভাড়া নেওয়া হচ্ছে, তা তিনি জানেন না।

নাম প্রকাশ না করার শর্তে করপোরেশনের দুজন প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ যেকোনো মার্কেট ভাঙতে চাইলে দোকানমালিকেরা বাধা হয়ে দাঁড়ান। পরিকল্পিত ও তুলনামূলক নিরাপদ ভবন নির্মাণে এটা বড় প্রতিবন্ধকতা।

অন্যদিকে, দোকানমালিকদের দাবি, সিটি করপোরেশন মার্কেট নির্মাণের কাজ শুরু করলে তা আর শেষ হতে চায় না। অনেক সময় লাগে। সেই অবিশ্বাসের কারণে তাঁরা বাধা দিচ্ছেন।

ডিএসসিসির মার্কেট নির্মাণ সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৌহিদ সিরাজ প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার নবাব ইউসুফ মার্কেট ভেঙে বহুতল নতুন ভবন তৈরি করতে নকশা তৈরির কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। মেয়রের অনুমোদনের পর দরপত্র আহ্বান করা হবে। এরপর সেখানে নির্মাণকাজ শুরু হবে।

নবাব ইউসুফ মার্কেটের আশপাশে সিটি করপোরেশনের কিছু জমি বেদখল হয়ে আছে। ডিএসসিসির ওই কর্মকর্তা জানান, নতুন ভবন নির্মাণের আগে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

সেখানে ছয়তলা ভবন নির্মাণ করা হবে। ওই ভবনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের চিন্তা রয়েছে। এ জায়গায় ১০ তলা একটি শপিং মল নির্মাণ ও বাকি জায়গায় একটি খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।