পোস্তগোলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

লাশপ্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলায় শুক্রবার রাতে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে পিংকি পোস্তগোলা ব্রিজের কাছে একটি অটোরিকশায় ছিলেন। হঠাৎ করে তাঁর ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ১০টার দিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত পিংকি সপরিবার নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় থাকতেন। তাঁর স্বামীর নাম মো. রাজিব। খবর পেয়ে হাসপাতালে আসা তাঁর স্বজনেরা পিংকি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, তা নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিংকির মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।