গানে গানে শুরু প্রথম আলো বৈশাখী উৎসব, দিনব্যাপী রয়েছে নানা আয়োজন
বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে শুরু হয়েছে দিনব্যাপী প্রথম আলো বৈশাখী উৎসব।
আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত শেফস্ টেবিল কোর্টসাইডে জাতীয় সংগীত আর বৈশাখের গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। গান পরিবেশন করে গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টসের শিশুশিল্পীরা।
উৎসব চলবে বিকেল ৫টা পর্যন্ত। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এমন একটি আয়োজন নগরজীবনে এনে দেবে ঐতিহ্যের ছোঁয়া। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
প্রথম আলোর উদ্যোগে ও শেফস্ টেবিল কোর্টসাইডের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে দিনভর শীতলপাটি, টেপাপুতুল, চুড়ি, খেলনার মতো লোকজ পণ্যের প্রদর্শনী রয়েছে দর্শনার্থীদের জন্য।
উৎসব প্রাঙ্গণে রয়েছে রণপা, হাওয়াই মিঠাই, বানরনাচ, টিয়া পাখির চিঠি ও বোম্বে ক্যান্ডি। আরও রয়েছে লাটিম, মার্বেল, লুডো, ষোলো ঘুঁটি, বিস্কুটদৌড়ের মতো দুরন্ত শৈশবের নানা খেলা।
উৎসবে শিশু-কিশোর ও তরুণদের জন্য রয়েছে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’। এর মধ্যে শুরুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টায় হাতের লেখা প্রতিযোগিতা। বেলা ১১টায় ‘যেমন খুশি তেমন সাজো’। পাশাপাশি ক্যারিকেচার ও অরিগ্যামির মতো সৃজনশীল কর্নারগুলো হয়ে উঠবে শিশুদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
উৎসবজুড়ে রয়েছে সংগীত, গল্প বলার আসর, পুতুলনাচ, জাদুসহ বিভিন্ন ধরনের পরিবেশনা। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে একটি উন্মুক্ত ও প্রাণবন্ত পরিবেশ। এ ছাড়া আয়োজনজুড়ে রয়েছে উৎসবমুখর সাজসজ্জা ও বৈশাখের ঐতিহ্যবাহী মোটিফ।
নগরজীবনের কোলাহলের মধ্যেও এ আয়োজন এক দিনের জন্য আনন্দ ও সাংস্কৃতিক সংযোগের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে নতুন বছরের এ আয়োজন। উৎসবের বিস্তারিত জানতে ফোন করুন ০১৪০৪-৪৪০০৫০ নম্বরে। অথবা ভিজিট করুন।