পয়োবর্জ্যের সংযোগে এখনো কলাগাছ, চলছে অনুমতির জন্য দৌড়ঝাঁপ
সরাসরি সিটি করপোরেশনের খোলা নালায় পয়োবর্জ্য ফেলায় গুলশানের দুটি বাড়ির পয়োবর্জ্যের সংযোগ কলাগাছ ঢুকিয়ে বন্ধ করা হয়েছিল। গতকাল বুধবার অভিযান চালিয়ে এমন পদক্ষেপ নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বর এলাকার ওই দুটি বাড়িতে গিয়ে দেখা গেছে, পয়োবর্জ্যের সংযোগ দুটি কলাগাছ ঢুকিয়ে বন্ধ করে দেওয়া অবস্থাতেই রয়েছে। দুটি বাড়ির মধ্যে একটি বাড়ির অ্যাপার্টমেন্ট মালিক সমিতির নেতারা ওয়াসার পয়োনিষ্কাশন নালায় সংযোগ পুনরায় চালু করতে প্রয়োজনীয় অনুমতি আদায়ে তৎপরতা শুরু করেছেন। তবে অন্য আরেকটি বাড়িতে বন্ধ সংযোগ চালু করতে কোনো উদ্যোগ দেখা যায়নি।
নিয়ম অনুসারে বাসাবাড়ির পয়োবর্জ্যের সংযোগ দেওয়ার কথা ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন নালায়। আর যেখানে ওই নালা নেই, ওই এলাকার বাড়ির মালিককে পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য সেপটিক ট্যাংক স্থাপন করে নিতে হয়। কিন্তু এ দুটির কোনোটিই না করে ওই দুটি বাড়ির পয়োবর্জ্য নিষ্কাশন করা হচ্ছিল সিটি করপোরেশনের খোলা নালায়।
গতকালের অভিযানে গুলশান-২ নম্বরের ১১২ নম্বর সড়কের ১৪ নম্বর ও ১০২ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির পয়োবর্জ্যের সংযোগে কলাগাছের খণ্ডিত অংশ ঢুকিয়ে দিয়ে নালার বর্জ্যের প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
আজ দুপুরে প্রথমে গুলশান-২ নম্বরের ১১২ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, বাড়িটি থেকে পাশাপাশি দুটি প্লাস্টিক পাইপের মাধ্যমে গৃহস্থালির ব্যবহার্য পানি ও পয়োবর্জ্যের সংযোগ সিটি করপোরেশনের খোলা নালায় দেওয়া। দুটি প্লাস্টিক পাইপের ভেতরেই গতকাল মেয়রের উপস্থিতিতে কলাগাছ ঢোকানো হয়েছিল। সেগুলো ওই অবস্থাতেই রয়েছে। তবে কলাগাছের প্রতিবন্ধকতা গলে দুটি পাইপ দিয়েই সামান্য পরিমাণে পানি নালায় এসে পড়ছে।
ভবনটির নিরাপত্তাপ্রহরী ছাড়া মালিকপক্ষ কিংবা দায়িত্বপ্রাপ্ত রক্ষণাবেক্ষণকারী কোনো কর্মকর্তাকে ওই সময় পাওয়া যায়নি। ওই সময় সেখানে থাকা পরেশ নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিজেদের সেপটিক ট্যাংক রয়েছে। সেখানেই বাড়ির পয়োবর্জ্য জমা হয়। নির্ধারিত সময় পরপর তা পরিষ্কার করা হয়। পরবর্তীকালে এ নিয়ে বিস্তারিত কথা বলতে ভবনের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা সন্তোষ কুমার দেব নামের একজনের মুঠোফোনের নম্বর দেন তিনি।
সন্তোষ কুমার দেব প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভবনের নিজস্ব সেপটিক ট্যাংক আছে। প্রতিবছর একবার পয়োবর্জ্য পরিষ্কারের গাড়ি এনে তা পরিষ্কার করা হয়। কিন্তু কী কারণে আমাদের ভবনে সিটি করপোরেশন এমন পদক্ষেপ নিয়েছে, আমি সঠিক জানি না। আমাদের পয়োবর্জ্য ওয়াসার পয়োনিষ্কাশন নালা কিংবা সিটি করপোরেশনের নালায় যায় না।’
ভবনটির সামনেই ঢাকা ওয়াসার কর্মীরা পয়োনিষ্কাশন নালার সংস্কারকাজ করছিলেন। কাজটির তদারকির দায়িত্বে থাকা ওয়াসার কর্মী মো. সেলিম বলেন, নালার ওই পিটের অংশটি বালুমাটি জমে বন্ধ হয়ে গিয়েছিল। এটি সংস্কার করা হয়েছে। সেখানে ভবনটির পয়োবর্জ্যের একটি সংযোগ রয়েছে, তবে সেটি সচল নয়।
পরবর্তীকালে ১০২ নম্বর সড়কের ৪ নম্বর বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানেও কলাগাছ দিয়ে সংযোগ বন্ধ করে দেওয়া অবস্থাতেই রয়েছে। তবে ম্যাগনোলিয়া নামের এ ভবনের মালিক কল্যাণ সমিতির নেতারা পয়োবর্জ্যের সংযোগটি খোলা নালা থেকে সরিয়ে ওয়াসার পয়োনিষ্কাশন নালায় দিতে তৎপরতা শুরু করেছেন। এ জন্য তাঁরা ওয়াসা ও সিটি করপোরেশনের কাছে দুটি আবেদনও গতকালই করেন। এ ছাড়া ওয়াসার কর্মীরা গিয়ে বাড়িটির আগের পয়োবর্জ্যের সংযোগ কোন দিকে ছিল, সেটিও খুঁজে বের করার কাজ শুরু করেছেন।
মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা জানতাম না। ওয়াসাকে পয়োনিষ্কাশনের বিল নিয়মিত পরিশোধ করছি।’ তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কাছে সড়ক কাটার অনুমতির জন্য আবেদন করেছেন। আর ওয়াসার কাছে পয়োবর্জ্যের সংযোগ পুনরায় পয়োনিষ্কাশন নালার সঙ্গে যুক্ত করার আবেদন করেছেন। সিটি করপোরেশন থেকে রাস্তা কাটার অনুমতি দিলেই কাজ শুরু করা হবে।
অনুমতি পেতে দেরি হলে বাসিন্দাদের সমস্যা হবে জানিয়ে তিনি বলেন, পয়োবর্জ্যের যে পিটগুলো রয়েছে, তাতে সর্বোচ্চ তিন থেকে চার দিনের তরল বর্জ্য জমা হতে পারবে। এরপর এগুলো উপচে পড়া শুরু হবে। তাই দ্রুত অনুমতি পেলে ভালো হবে।
এদিকে জরিপে যেসব বাড়ির পয়োবর্জ্যের সংযোগ খোলা নালা, খাল ও লেকে পাওয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চাওয়া হয়েছিল ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলামের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, সব কটি বাড়ির মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সোসাইটির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে। এরপরও যদি পরিবর্তন না হয়, তাহলে মেয়রের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের অভিযানে গুলশান-২ নম্বরের অনেক বাড়িমালিককে সতর্ক করা হয়েছে। আজ তাঁদের কোনো অভিযান ছিল না। শিগগিরই বারিধারা এলাকায়ও একইভাবে অভিযান চালানো হবে।