জাপান গার্ডেন সিটির আনন্দমেলায় চলছে হইহুল্লোড়
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে মুমতাহিন, তাসলিম ও সাবিকুল তিন বন্ধু ছুটির দিনে সকাল আটটার আগেই চলে এসেছে। তারা বসেছে পাশাপাশি। সামনে রংপেনসিল, আঁকার খাতা। কেউ এঁকেছে গ্রামবাংলার প্রকৃতি, কেউ স্মৃতিসৌধ।
মুমতাহিন ও সাবিকুল তৃতীয় শ্রেণিতে আর তাসলিম পঞ্চম শ্রেণিতে পড়ে। তারা থাকে মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত জাপান গার্ডেন সিটিতে।
আজ শুক্রবার সকাল থেকে প্রথম আলোর আয়োজনে এখানে চলছে আনন্দমেলা। এ আয়োজনে সহযোগিতা করেছে সেনসোডাইন। অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত।
জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের জন্য আয়োজিত এই দিনব্যাপী আনন্দমেলায় রয়েছে নানা আয়োজন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, চকলেট দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, বালিশ খেলা৷ সার্কাস, রোবট শো, বায়োস্কোপ, জাদুসহ মনোমুগ্ধকর সব আয়োজন।
মোহাম্মদপুর গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষার্থী মুমতাহিন ইসলাম আনন্দমেলায় এসে বেশ উল্লসিত। সে প্রথম আলোকে বলে, সব প্রতিযোগিতায় অংশ নেব। বিকেলে যা যা হবে সেগুলোতেও অংশ নেব। বন্ধুরা মিলে খুব মজা করছি।
আনন্দমেলাকে ঘিরে জাপান গার্ডেন সিটিতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ। শিশুদের সঙ্গে অভিভাবকেরাও আনন্দ করছিলেন। দুই নাতনিকে নিয়ে আনন্দমেলায় এসেছেন জাহাঙ্গীর আলম। অবসরপ্রাপ্ত এই চাকরিজীবী বলেন, এমন আয়োজন দেখতেও ভালো লাগে। বাচ্চারা মজা করছে। ছুটির দিনে সবার মিলনমেলা হচ্ছে। প্রথম আলোর পক্ষেই এমন আয়োজন করা সম্ভব।
জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের জন্য এ আনন্দমেলায় রয়েছে বিনা মূল্যে ডেন্টাল চেকআপ, মাড়ির সুস্থতা যাচাইয়ের সুযোগ৷ নির্দিষ্ট কুপনের মাধ্যমে বিস্কুট, আইসক্রিম ও নুডলস খাওয়ার ব্যবস্থা।
নির্মাতা প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিমিটেডের একটি প্রকল্পের আওতায় এ সিটি গড়ে উঠেছে ১০ একর জায়গায়। ভেতরে বর্তমানে ১ হাজার ৬১৯টি পরিবারের বসবাস।
জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম আলোর প্রতি সবারই অন্যরকম ভালো লাগা থাকে। এমন আয়োজনের উদ্যোগ খুবই ভালো। বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দ করছে।
জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের মধ্যে একধরনের বন্ধুত্ব তৈরি হয়েছে, যা অন্যান্য আবাসিক এলাকায় তেমন একটা দেখা যায় না। আনন্দমেলায় এসে সন্তানেরা বিভিন্ন খেলায় অংশ নিচ্ছে। অন্যদিকে বিভিন্ন ভবনের বাসিন্দারা আড্ডায় মেতেছেন।