উত্তরায় রিকশাচালককে ‘হত্যার খবরে’ শপিং মলে ভাঙচুর, পুলিশ বলছে গুজব
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর একটি শপিং মলে ভাঙচুর চালানো হয়েছে। শপিং মলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। পুলিশ বলেছে, কোনো রিকশাচালক নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি গুজব হতে পারে বলছে পুলিশ।
উত্তরা–১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলের সামনে গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ উত্তেজনা আজ সোমবার সকালেও রয়েছে। রিকশাচালকেরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ আজ সকালে প্রথম আলোকে বলেন, একটি শপিং মলের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে গতকাল রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ, শপিং মলের নিরাপত্তাকর্মীরা ভেতরে এক রিকশাচালককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন। তবে ওই রিকশাচালকের পরিচয় কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।
রিকশাচালককে হত্যার খবর ছড়িয়ে পড়লে শত শত রিকশাচালক শপিং মলের সামনে জড়ো হন। শপিং মলে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় শপিং মলের সামনের সোনারগাঁও জনপথ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকেরা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা চালায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
পরিস্থিতি জানতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।