কলাবাগানে আবাসিক হোটেল থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

রাজধানীর গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলাবাগান থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শামসুল হক বলেন, দুপুরে খবর পেয়ে ‘রূপসা’ নামের ওই হোটেলের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষের শৌচাগার থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ঘুমের বড়িসহ বিভিন্ন ওষুধের ৮ থেকে ১০টি খালি পাতা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঘুমের বড়ি সেবনে তাঁর মৃত্যু হয়েছে।

কলাবাগান থানার পুলিশ জানায়, তানিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর বাবার নাম নুর নবী; বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তানিয়ার স্বামীর নাম মো. সাগর। শ্বশুরবাড়ি কুমিল্লায় থাকতেন তিনি। ১৯ এপ্রিল ইংরেজি কোর্সে ভর্তি হওয়ার জন্য তানিয়া ওই হোটেলে উঠেছিলেন।

পুলিশ জানিয়েছে, তানিয়ার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।