গৃহকর্মীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় জড়িতরা ১১ মাসেও শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসার এক গৃহকর্মীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ১১ মাসেও দোষী ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

গৃহকর্মীর মরদেহ উদ্ধার করার পর গত বছরের ১৮ মে ভাটারা থানায় অপমৃত্যু মামলা হয়। পরে ফরেনসিক ও ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, গৃহকর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় চলতি বছরের ২৫ জানুয়ারি দলবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পুলিশ মামলা করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মোছা. রাশিদা জাহান প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার সব ধরনের চেষ্টা চালানো হয়েছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। মেয়েটি দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছিলেন।

মামলার কাগজপত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেল, ভাটারা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন ওই গৃহকর্মী। গত বছরের ১৭ মে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা রাশিদা জাহান বলেন, দলবদ্ধ ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ভুক্তভোগী নারীর মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা করানোর জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তবে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।