জিএসএফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মমিনপুর খ্রিষ্ট জাগরণী
রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত জিএসএফ স্কিম সেংআ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মমিনপুর খ্রিষ্ট জাগরণী ফুটবল ক্লাব। আসরে রানার্সআপ হয়েছে মৃ দ্য কিং অব মাহারি ফুটবল দল।
শনিবার বিকেলে এই দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)। গতকাল শুক্রবার শুরু হওয়া এ আসরে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ২২টি দল অংশ নেয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। আসরে তৃতীয় স্থান (সেকেন্ড রানার্সআপ) অর্জন করে ‘ভিআইপি গজনি’ দল। তাদের দেওয়া হয় ১৫ হাজার টাকা।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিজয়ী ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘খেলাধুলায় জয়-পরাজয় থাকলেও অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে সহমর্মিতা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, যা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, রাঙামাটি, মধুপুর ও ময়মনসিংহের ধোবাউড়া-কলসিন্দুর অঞ্চলের ক্রীড়া সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এসব অঞ্চলে দুটি বিকেএসপি প্রতিষ্ঠার কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় আমিনুল হক ক্রীড়াবান্ধব ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘দি খ্রিস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’–এর চেয়ারম্যান মাইকেল জন গমেজ, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি শুক্কুর মাহমুদ এবং ঢাকা ওয়ানগালার সাবেক নকমা সুকলেশ নকরেক প্রমুখ।