রাজধানীতে পাহাড়ের ১২ শিল্পীর আর্ট ক্যাম্প আগামীকাল

পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক দিনব্যাপী একটি আর্ট ক্যাম্প আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরের কাজীপাড়ার মেট্রোস্টেশন–সংলগ্ন সিএইচটি কালিনারিতে অনুষ্ঠেয় এ ক্যাম্পে পাহাড়ের ১২ শিল্পী অংশ নেবেন। সিএইচটি কালিনারির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল সকাল ১০টায় এই আর্ট ক্যাম্পের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা।

আগামীকাল যে ১২ শিল্পী এই আর্ট ক্যাম্পে ছবি আঁকবেন, তাঁদের একজন জয়তু চাকমা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রত্যেক শিল্পী অন্তত দুটো করে মোট ২৪টি ছবি আঁকবেন দিনভর। এসব ছবি দর্শনার্থীরা দেখতে পারবেন। চাইলে কেউ এসব ছবি কিনতেও পারবেন তাঁরা।