ঢাকা ওয়াসার এমডির বেতন–বোনাসের তথ্য দাখিল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান
ফাইল ছবি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে গত ১৩ বছরে বেতন, বোনাস, টিএডিএসহ দেওয়া অন্যান্য সুবিধার বিষয়ে তথ্য প্রতিবেদন আকারে দাখিল করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওয়াসার বোর্ডের করা আবেদনের (লিভ টু আপিল) শুনানি নিয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন। ফলে এমডির বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার তথ্য হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওয়াসার বোর্ডকে দাখিল করতে হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৭ আগস্ট হাইকোর্ট রুলসহ ওই আদেশ দেন। ওয়াসার এমডিকে গত ১৩ বছরে বেতন, বোনাস, টিএডিএসহ দেওয়া অন্যান্য সুবিধার বিষয়ে তথ্যাদি ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার ও সার্ভিস (বেতন ও সুবিধাদি) অর্ডার লঙ্ঘন করে ওয়াসার এমডিকে অযৌক্তিক ও উচ্চ বেতন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন গত জুলাই মাসে রিটটি করেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওয়াসার বোর্ডের পক্ষে চেয়ারম্যান আপিল বিভাগে আবেদন করেন। আবেদনটি আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে ওয়াসার বোর্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাছুম। আদালতের অনুমতি নিয়ে ক্যাবের পক্ষে শুনানি করেন এর সিনিয়র সহসভাপতি অধ্যাপক এম শামসুল আলম।  

ক্যাবের করা রিটে ‘পাল্লা দিয়ে বেড়েছে পানির দাম ও এমডির বেতন’ শিরোনামে প্রতিবেদন ও ‘“ভিক্ষায় চলা” ওয়াসার এমডির বেতন কেন সোয়া ছয় লাখ টাকা’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত নিবন্ধ সংযুক্ত করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকা ওয়াসার পানিসংকট নিয়ে নগরবাসীর অভিযোগ দীর্ঘদিনের। সংস্থার অন্যান্য সেবা নিয়েও আছে বিস্তর অভিযোগ। তারপরও গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতনও। সর্বশেষ করোনা মহামারির মধ্যে একলাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয়েছে পৌনে দুই লাখ টাকা।

এই বৃদ্ধির পর ওয়াসার এমডি হিসেবে তাঁর মাসিক বেতন দাঁড়িয়েছে ৬ লাখ ২৫ হাজার টাকায়। এ হিসাবে গত ১২ বছরে তাকসিম এ খানের মাসিক বেতন বেড়েছে ৪২১ শতাংশ। এদিকে তাকসিমের পর যাঁরা ওয়াসার এমডি হবেন, তাঁরা যেন এই পরিমাণ বেতন না পান, সেটিও নিশ্চিত করেছে ওয়াসা কর্তৃপক্ষ।

‘পাল্লা দিয়ে বেড়েছে পানির দাম ও এমডির বেতন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সালের অক্টোবরে তাকসিম এ খান ওয়াসার এমডি হিসেবে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। ওয়াসা সূত্র জানায়, তখন তাঁর সর্বমোট মাসিক বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ছিল ৬০ হাজার টাকা।

অন্যান্য খাতের মধ্যে বাড়িভাড়া ২০ হাজার, উৎসব ভাতা ১০ হাজার, মেডিকেল ও বিনোদন ভাতা ৪ হাজার এবং বিশেষ ভাতা ২২ হাজার টাকা। তাঁর সঙ্গে চুক্তিতে বলা ছিল, বেতন বাবদ প্রদেয় আয়কর তাকসিমকেই দিতে হবে। এরপর ২০১০ সালে তাঁর বেতন দুই লাখ টাকা নির্ধারণ করা হয়।