তেজগাঁওকে ‘বাণিজ্যিক কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার দাবি
রাজধানীর তেজগাঁও এলাকাকে বাণিজ্যিক কেন্দ্র (কমার্শিয়াল হাব) হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা তেজগাঁও এলাকার বেশ কিছু সমস্যা চিহ্নিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দৃষ্টি আকর্ষণও করেছেন। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান ব্যবসায়ীদের তুলে ধরা সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে ‘ঢাকা-১২ সংসদীয় আসন: উন্নয়নের ১৪ বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও মহাখালী বাসস্ট্যান্ডে গাড়ি রাখার জায়গা হচ্ছে না। এ কারণে তেজগাঁও ও শিল্পাঞ্চল থানা এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। এতে করে চলাচলের পথ সংকুচিত হয়ে নাগরিক দুর্ভোগ বাড়ছে।
শিগগির মেয়রের সঙ্গে আলাপ করে এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তাদের আলাদা জায়গা বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকার সার্বিক উন্নয়ন কাজ আরও বেগবান করা হবে।
এ কে আজাদ বলেন, ‘পদ্মাসেতু যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে। ঢাকা থেকে এখন ফরিদপুরে দুই ঘণ্টায় যাওয়া যায়। শিল্পায়ন হচ্ছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে। একজন মাকে যদি তাঁর অনাগত সন্তানকে গড়তে দেওয়া হতো, তিনি যে মমতা দিয়ে তার রূপ গড়তেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমন মমতা দিয়ে পদ্মাসেতু ও এক্সপ্রেসওয়ে গড়েছেন।’
জসিম উদ্দিন বলেন, ‘দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় আছে আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকার কারণে। তেঁজগাও শিল্পাঞ্চল ধীরে ধীরে কমার্শিয়াল এলাকায় পরিণত হচ্ছে। একদা এই এলাকাতে আমার বেঙ্গল প্লাস্টিক কারখানা ছিল। সে সময় সন্ত্রাসীদের ভয়ে ঠিকমতো এখানে ব্যবসা করা যেত না। কিন্তু সেদিন আজ আর নেই।’
শাইখ সিরাজ বলেন, মাথা ঠাণ্ডা রেখে কীভাবে চলতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উদহারণ। তিনি ধৈর্য্যশীল মানুষ ও উন্নয়কামী। এ সময় শাইখ সিরাজ তেজগাঁওকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মতো ‘কমার্শিয়াল হাব’ হিসেবে গড়ে তোলার দাবি জানান।