ক্যানসারের ঝুঁকিপূর্ণ ও প্রতিরোধমূলক উপাদানগুলো সম্পর্কে মানুষকে জানাতে হবে

আলোচনা সভায় বক্তারা। রাজধানী ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘ক্যানসার পরিস্থিতি পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায়। ৪ ফেব্রুয়ারি ২০২৬।ছবি: প্রথম আলো

বাংলাদেশে ক্যানসার রোগীর সংখ্যা ও মৃত্যু দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর নতুন করে ১ লাখ ৬৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ১ লাখ ১৬ হাজার রোগী মারা যান। তাই শুধু চিকিৎসা নয়, জনগণকে ক্যানসারের ঝুঁকিপূর্ণ ও প্রতিরোধমূলক উপাদান সম্পর্কে সচেতন করা অপরিহার্য।

আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানী ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘ক্যানসার পরিস্থিতি পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। স্তন ক্যানসার সচেতনতা ফোরাম সভাটির আয়োজন করে। আর গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল সভা আয়োজনে সহযোগিতা করে। এবারের বিশ্ব ক্যানসার দিবসের প্রতিপাদ্য বিষয়—‘ইউনাইটেড বাই ইউনিক’ (অনন্যতায় ঐকতান)।

সভায় সভাপতিত্ব করেন স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. হাবিবুর রহমান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের।

আলোচনায় ডা. হাবিবুল্লাহ তালুকদার বলেন, ‘প্রতিটি ক্যানসার রোগীর অভিজ্ঞতা স্বতন্ত্র। তাঁদের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা ও সমবেদনা আলাদা। তাই সবাই মিলে ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতা ফোরামের পক্ষ থেকে ১০ জন সাংবাদিককে ‘গণমাধ্যমের সহযোদ্ধা’ হিসেবে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। স্মারকপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন সমাজকাল নিউজ পোর্টালের প্রতীক ইজাজ, প্রথম আলোর পল্লব মোহাইমেন, আমার দেশের বিউটি আকতার, মোহনা টিভির সুরাইয়া মুন্নি, দেশ রূপান্তরের তাপসী রাবেয়া আঁখি, কালের কণ্ঠের শিমুল মাহমুদ নাঈম, ডেইলি সানের মোহাম্মদ আল আমিন, সাপ্তাহিক পঙ্‌ক্তির জান্নাতুল ফেরদৌস পান্না, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশাখা দেবনাথ ও আমার দেশের মো. আজাদুল ইসলাম।

সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. সাঈদ উজ-জামান অপু, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোসাররত সৌরভ, ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ন কবির, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাশহুদা খাতুন, হীলের প্রতিষ্ঠাতা জেবুন্নেসা, গণস্বাস্থ্য বেসিক কেমিকেলস লিমিটেডের এমডি এ বি এম জামাল উদ্দিন আহমেদ, সিওসি ট্রাস্ট্রের ট্রাস্টি ও প্রধান নির্বাহী ইকবাল মাহমুদ, রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক নাদিরা কিরণ।