ফায়ার সার্ভিসকে আমরা ঢেলে সাজাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ছবি: প্রথম আলো

রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ফায়ার সার্ভিসকে সরকার ঢেলে সাজাচ্ছে।

আজ বুধবার বেলা তিনটার দিকে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেছেন, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে সিটি করপোরেশন যৌক্তিক সিদ্ধান্ত নেবে। ফায়ার সার্ভিস যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে কিংবা করবে, সেগুলো যেন ব্যবসায়ীরা পরিত্যাগ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারে আগেও ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে। আগুনে কারও গাফিলতি ছিল কি না, অথবা পরবর্তী সময়ে আমাদের কী করণীয়, সেই দিকনির্দেশনা পাওয়া যাবে। ভবিষ্যতে যাতে এমন বড় অগ্নিকাণ্ড না হয়, সে ক্ষেত্রে ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদকে টার্গেট করে তাঁরা বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়ে মালপত্র তুলেছিলেন। কিন্তু ভয়াবহ আগুনে সবকিছু ধ্বংস হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী সব সময় মনিটর করছেন এবং এ বিষয়ে কী করা যায়, পরবর্তী সময়ে সিদ্ধান্ত তিনি দেবেন।

ব্যবসায়ীদের পুনর্বাসন করবেন কি না, অথবা অন্য কোনো চিন্তাভাবনা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটার সিদ্ধান্ত হবে। এটা সিটি করপোরেশন টেন্ডারও করেছিল। একজন কন্ট্রাক্টও করেছিলেন। তারপর ব্যবসায়ীদের অনুরোধে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দেওয়া হয়। আধুনিক ও নিরাপদ মার্কেট হতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করবে সিটি করপোরেশন।

পানিসংকটের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসকে আমরা ঢেলে সাজাচ্ছি। পানির সরবরাহ না থাকলে ফায়ার সার্ভিস অসহায় হয়ে পড়ে। পানির ব্যবস্থা থাকার জন্য সিটি করপোরেশন ও রাজউক ব্যবস্থা নেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৬টা ১০ মিনিটে যখন আগুন লাগে, তার দুই-তিন মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু চোখের সামনে আগুন নিমেষেই প্রসারিত হয়ে যায়। ফায়ার সার্ভিসের এক্সপার্ট কর্মকর্তারা এলেও নানা কারণে তাঁরা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। পাশে পুলিশ সদর দপ্তরে আগুন লেগেছিল। কিছু ক্ষতি পুলিশ সদর দপ্তরের হয়েছে। কিন্তু আগুনে চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমাদের ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।’