শ্রম অধিকার ও ব্যবসা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের সফরে ছয় সদস্যের ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছে
ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে ছয় সদস্যের ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছে। তারা বাংলাদেশে শ্রম অধিকার ও ব্যবসা–বাণিজ্যের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হেইডি হটুলা।

বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সদস্য এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

সফরের প্রথম দিন সোমবার ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় ইউরোপীয় দেশগুলোর মিশনপ্রধান, শ্রমিকনেতা, বিজিএমইএ ও বিকেএমইএ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির সফররত প্রতিনিধিদলের অন্যতম সদস্য এগনেস ইয়নজেরিউস শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময়ের পর একাধিক টুইট করেছেন। এগনেস ইয়নজেরিউস লিখেছেন, ‘আজ আমি কয়েকজন ট্রেড ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রম সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের সংবিধানে ট্রেড ইউনিয়নে যোগ দেওয়ার অধিকার থাকলেও ট্রেড ইউনিয়নের স্বাধীনতা পরিস্থিতি বেশ উদ্বেগজনক।’

এগনেস ইয়নজেরিউস টুইটে লিখেছেন, বাংলাদেশে কর্মীদের কোনো সামাজিক সুরক্ষা নেই। তাঁদের অনিরাপদ পরিবেশে কাজ করতে হয়। আর ট্রেড ইউনিয়নে যুক্ত হতে চাইলে বাধার মুখে পড়েন। এই পরিস্থিতির অবশ্যই পরিবর্তন হতে হবে। ইউরোপ ও বিশ্বের বিভিন্ন স্থানে প্রত্যেকের ভালো ও নিরাপদ পরিবেশে কাজ করার অধিকার রয়েছে।