মোটরসাইকেলের ধাক্কায় নানির কোল থেকে ছিটকে পড়ে নাতনি, পরে দুজনেরই মৃত্যু
ঢাকায় গায়েহলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নানির কোল থেকে নাতনি ছিটকে পড়ে সড়কে। নানিও লুটিয়ে পড়েন সড়কে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়া হলে দুজনেরই মৃত্যু হয়। গতকাল বুধবার গভীর রাতে ঢাকার তুরাগের মেট্রোরেলের ২ নম্বর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন মাজেদা ওরফে খুকি (৪৫) ও তাঁর নাতনি ছয় মাস বয়সী রাফিয়া আক্তার। তাঁদের বাসা ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে গায়েহলুদের অনুষ্ঠানে এক স্বজনের বাসায় যান মাজেদা ও তাঁর নাতনি রাফিয়াসহ অন্য আত্মীয়রা। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার পর বাড়ি ফিরছিলেন তাঁরা। মাজেদার কোলে ছিল রাফিয়া। দিবগত রাত পৌনে ১টার দিকে তুরাগের মেট্রোরেলের ২ নম্বর স্টেশন এলাকায় সড়ক পার হওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী এসে তাঁদের ধাক্কা দেয়। এতে মাজেদার কোল থেকে সড়কে ছিটকে পড়ে রাফিয়া। মাজেদাও লুটিয়ে পড়েন সড়কে। পরে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নানি ও নাতনিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা মৃত্যু হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাফিয়াকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।