জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, আজ শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বলে জেনেছেন। তাঁর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে জানতে পেরেছি। পুলিশ বনানীর ওই বাসায় গিয়ে ঘটনার কারণ উদ্ঘাটনে তথ্য সংগ্রহ করছে। কী কারণে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।’
পরে বোন খিলখিল কাজী হাসপাতালে সাংবাদিকদের বলেন, বাবুল কাজী বাথরুমে ঢুকেছিলেন। ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন। সেই মুহূর্তেই একটা বিরাট আওয়াজ হয়। বিস্ফোরণে দগ্ধ হন। তিনি পড়ে যান। কোনোমতে বাথরুমের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী-সন্তানেরা ছুটে যান। তাঁরা দেখেন, একেবারে দগ্ধ। পুরো মাথা, মুখ ও শরীর দগ্ধ হয়ে গেছে। তিনি (খিলখিল কাজী) পাশের রোডে থাকেন। ফোন পেয়ে তিনিও ছুটে আসেন। অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইউনিটে নিয়ে যান। চিকিৎসকেরা দেখছেন। মেডিকেল বোর্ড হচ্ছে। বিশেষ যত্নে দেখা হচ্ছে। তাঁরা সবার কাছে দোয়া চান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) চিকিৎসক মারুফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোগীর অবস্থা গুরুতর। তিনি আইসিইউতে আছেন। তাঁর হাঁটুর নিচ থেকে বাকি অংশ দগ্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছে। কিন্তু শরীরের বাকি অংশের পুরোটাই পুড়ে গেছে। বয়সের কারণে ঝুঁকি বেশি। ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।