দূরপাল্লার বাসে যাত্রী নেই, রাজধানীতে কম গণপরিবহন
বিএনপির ডাকা হরতালের প্রভাবে রাজধানী ঢাকার গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে খুব বেশি যাত্রী দেখা যায়নি। যাত্রীস্বল্পতায় নির্ধারিত সময় পরপর ছাড়তে পারছে না দূরপাল্লার বাসগুলো।
অন্যদিকে এর বিপরীত চিত্র রাজধানী ও ঢাকার আশপাশে চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রে। সকাল থেকে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় সড়কে কমসংখ্যক সিটি বাস দেখা গেছে। শহরের বিভিন্ন মোড়ে গন্তব্যে যাওয়ার বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে।
সকাল পৌনে আটটার দিকে রাজধানীর গাবতলীতে গিয়ে দেখা গেছে, বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা। বিভিন্ন বাস কোম্পানির টিকিট কাউন্টারগুলো খোলা। তবে যাত্রী না থাকায় টিকিট কেনাবেচা তেমন নেই। মূলত সড়কে উত্তরাঞ্চলের কিছু বাস দাঁড় করানো অবস্থায় বাসকর্মীদের যাত্রীর জন্য হাঁকডাক দিকে দেখা গেছে।
গাবতলীতে সাকুরা পরিবহনের একটি টিকিট বিক্রির কাউন্টার থেকে জানানো হয়, ভোর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত তারা মাত্র একটি গাড়ি ছাড়তে পেরেছে। যাত্রীর অভাবে নির্ধারিত সময়ে বাকি বাসগুলো ছাড়া সম্ভব হয়নি।
টার্মিনালের হানিফ পরিবহনের একটি কাউন্টারের টিকিট বিক্রয়কর্মী আমিনুল ইসলাম বলেন, সকাল থেকে তাঁদের বাসগুলো নির্ধারিত সময় পরপর ছেড়ে যাচ্ছে। তবে টার্মিনাল ছেড়ে যাওয়া প্রতিটি বাসেই অনেক সিটি ফাঁকা ছিল।
তবে ভিন্ন চিত্র রাজধানীতে চলাচল করা বাসগুলোর ক্ষেত্রে। বাসের সংখ্যা কম, রাস্তাঘাট ফাঁকা। সকাল সাড়ে সাতটায় মোহাম্মদপুর থেকে শিয়া মসজিদ-শ্যামলী হয়ে গাবতলী যাওয়ার পথে প্রতিটি মোড়ে ও বাসস্ট্যান্ডে যাত্রীদের কর্মস্থলে ও গন্তব্যে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ও গাবতলী এলাকায় অফিসগামী লোকজনকে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সকাল আটটার দিকে কল্যাণপুর থেকে মতিঝিলে অফিসে যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরাফাত হোসেন। তিনি বলেন, ‘সপ্তাহের প্রথম কর্মদিবস। কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে ছুটির দিন। হরতালের কারণে বাসের সংখ্যা খুবই কম। বাসস্টপে আসছি ১৫ মিনিট হয়ে গেছে। এখনো বাস পাইনি।’
পরে সকাল ৯টার দিকে মহাখালীতে গিয়ে দেখা যায়, টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো খুব কমই ছেড়ে যাচ্ছে। টার্মিনাল ভবনে যেখানে যাত্রীদের অপেক্ষা ও বসার জায়গাটিও ফাঁকা দেখা গেল। কয়েকজন বাসশ্রমিক ছাড়া সেখানে তেমন কেউ নেই। ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও নেত্রকোনাগামী অনেক পরিবহনের কাউন্টারও বন্ধ দেখা গেল।
ময়মনসিংহগামী এনা কাউন্টারের সামনে কয়েকজন যাত্রী দেখা গেল। কাউন্টারের ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল ৯টা পর্যন্ত তাঁদের সাতটি বাস ছেড়ে গেছে। আরেকটি বাস ওই সময় ছাড়ার অপেক্ষায় ছিল। তিনি জানান, স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যে তাঁদের ২৫টি গাড়ি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। আজকে যাত্রী একেবারে কম থাকার কারণে তিন ভাগের একভাগ গাড়ি ছেড়ে গেছে। আর যে কটি বাস ছাড়া হয়েছে, তার প্রতিটিতে সিট খালি ছিল।
অন্যদিকে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত নির্ধারিত সময় পরপর মোট ১৬টি বাস ছাড়ার কথা থাকলেও একটিও ছাড়তে পারেননি বলে জানান টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের টিকিট বিক্রেতা মেহেদি হাসান। তিনি বলেন, ‘কাউন্টার খুলে বসে আছি, কিন্তু যাত্রী পাচ্ছি না।’
এদিকে গাবতলী থেকে মহাখালী যাওয়ার পথে মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১৪ নম্বর এবং কচুক্ষেত এলাকার মোড়গুলোতে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। এসব জায়গায় পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।