ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় রিকশা উল্টে চালক নিহত
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিকশা উল্টে সুরুজ আলী (৬৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সুরুজ আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের ছেলে মো. আলমাছ জানান, তাঁর বাবা পেশায় রিকশাচালক ছিলেন এবং রিকশাটি তাঁদের নিজের। সুরুজ আলী সন্ধ্যার দিকে যাত্রী ছাড়া রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে রিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুরুজ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাগরদী কৃষ্ণপট্টি গ্রামের মৃত মো. হযরত আলীর ছেলে। তিনি ডেমরার কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।