বাংলাদেশে শুরু হচ্ছে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা
ছবি: আয়োজকদের সৌজন্যে

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট ২০২৬। ২৫ ও ২৬ জুলাই ঢাকার তেজগাঁও নভোথিয়েটারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারত্বে এ সামিটের আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের মতে, সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। তাঁরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নে ভূমিকা রাখবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সামিটের উদ্বোধন করবেন। একই দিন সকালে তিনি বিয়ার ইনোভেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন।

সামিটে সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারত্ব, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, বাণিজ্যিকীকরণ ও ডিপ-টেক প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।

এতে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরা অংশ নেবেন।

সামিটের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ক্রিস্টে ফেলোশ রিসার্চ সিম্পোজিয়াম। এতে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।

এ ছাড়া বিয়ার ইনোভেশন এক্সপোতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হবে।

২৬ জুলাই সামিটের সমাপনী অনুষ্ঠানে আটটি কৌশলগত জাতীয় দলিল প্রকাশ করা হবে। এর মধ্যে থাকবে সেমিকন্ডাক্টর সুপারিশমালা, ট্যালেন্ট রোডম্যাপ ২০৩০, ইকোসিস্টেম রোডম্যাপ, আন্তর্জাতিক অংশীদারত্ব কাঠামো, ডিপ-টেক অগ্রাধিকার খাত ও বাণিজ্যিকীকরণ কাঠামো।

আয়োজকেরা মনে করছেন, এসব দলিল বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের দীর্ঘমেয়াদি বাস্তবায়ন কাঠামো তৈরিতে দিকনির্দেশনা দেবে।