বাহাদুর শাহ পার্কে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান নির্মাণ করার প্রতিবাদে আজ শনিবার মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর।
পার্কে আয়োজিত মানববন্ধনে দলটির নেতা–কর্মীরা বলেন, ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহে শহীদদের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্ক ইজারা দিয়ে পার্কটির ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা চলছে। যেসব প্রকল্প স্থানীয় বাসিন্দারা চান না, সেসব প্রকল্প নিয়ে সিটি করপোরেশনের আগ্রহ বেশি।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল কুমার ভৌমিক বলেন, পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় বাহাদুর শাহ পার্কটিই একমাত্র খোলা স্থান। পার্কে খাবার দোকান নির্মাণের কাজ চলছে। এর মাধ্যমে পার্কের পরিবেশ ঠিক রাখা সম্ভব হবে না। এসব বিষয়ের প্রতিবাদে নগরবাসীদের সোচ্চার হতে হবে।
দলটির ঢাকা মহানগর সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় দলের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।