ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর এডিস মশাবাহিত এই রোগে দেশে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৭। আর চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হলো ৩২৮ জনের।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় পাঁচজন এবং ঢাকার বাইরে ছয়জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬২ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭ হাজার ৬২০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৬ হাজার ৪৪২ জন।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়।
এরপর প্রতিবছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কোনো কোনো বছর মৃত্যু হয়েছে। তবে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হলেও মৃত্যুর কোনো তথ্য নেই।

করোনা মহামারির আগের বছর অর্থাৎ ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মারা যান ১৭৯ জন। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।