প্রশাসক আসবেন বলে ‘ঝকঝকে’ ধলপুর

সড়ক পরিষ্কারের কাজ শেষ করে কিছু পরিচ্ছন্নতাকর্মীকে পাশেই বিশ্রাম নিতে দেখা যায়। ১৪ মার্চছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর ধলপুর এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। অন্তত ২০০ পরিচ্ছন্নতাকর্মী সংস্থাটির ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক পরিষ্কার করেন। তবে স্থানীয় লোকজনের ভাষ্য, বিশেষ অভিযানে সড়ক ঝকঝকে করা হলেও এ দৃশ্য প্রতিদিনের নয়; অনেক অলিগলি নিয়মিত অপরিচ্ছন্নই থাকে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে আজ বেলা পৌনে একটার দিকে ধলপুর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টায় এই কার্যক্রম উদ্বোধনের কথা ছিল। তবে দক্ষিণ সিটির প্রশাসক জাতীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় দুপুর সাড়ে ১২টার পর ধলপুরে পৌঁছান।

সকাল থেকেই ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে করপোরেশনের কর্মকর্তা–কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা অপেক্ষা করতে থাকেন। কিছু পরিচ্ছন্নতাকর্মীকেও সেখানে অপেক্ষা করতে দেখা যায়। বেলা সাড়ে ১১টার পর প্রশাসকের আসতে দেরি হবে জানার পর কর্মকর্তা–কর্মচারীদের অনেকেই সেখান থেকে চলে যান।

স্থানীয় লোকজনের ভাষ্য, মূল সড়ক প্রায় প্রতিদিন পরিচ্ছন্ন করা হলেও অলিগলির সড়কে ঝাড়ু দেওয়ার দৃশ্য তাঁরা অনেক দিন পর দেখলেন।
ছবি: প্রথম আলো

সেখানে অবস্থানরত প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকাল থেকেই ওই এলাকায় অন্তত ২০০ পরিচ্ছন্নতাকর্মী রাস্তাঘাট পরিষ্কারের কাজে যুক্ত রয়েছেন। প্রশাসকের আগমন মূলত আনুষ্ঠানিকতা। তিনি এলে একটি সচেতনতামূলক শোভাযাত্রা হবে।

পরে ধলপুরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তা অনেকটাই পরিষ্কার করে রাখা হয়েছে। সড়ক পরিষ্কারের কাজ শেষ করে কিছু পরিচ্ছন্নতাকর্মীকে পাশেই বিশ্রাম নিতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ সিটির এক কর্মকর্তা বলেন, প্রশাসক হঠাৎ করে আশপাশের কোনো সড়কে ঢুকতে চাইলে যাতে পরিচ্ছন্ন দেখা যায়, সে জন্য কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাই সড়ক পরিষ্কারের পরও অনেকে স্থান ছাড়েননি।

তবে স্থানীয় লোকজনের অভিযোগ, বিশেষ অভিযানের দিন যেভাবে সড়ক পরিষ্কার করা হয়েছে, সেটি নিয়মিত দৃশ্য নয়। রাজধানীর মূল সড়ক প্রায় প্রতিদিন পরিচ্ছন্ন করা হলেও অলিগলির সড়কে ঝাড়ু দেওয়ার দৃশ্য তাঁরা অনেক দিন পর দেখলেন।

ধলপুর কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশের একটি সড়কের দোকানি বলেন, সকালে দোকান খুলে দেখেন দল বেঁধে পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দিচ্ছেন। আগে এই সড়কে সপ্তাহে এক দিনও ঝাড়ু দিতে দেখেননি তিনি।

পরে ধলপুর কমিউনিটি সেন্টারের আশপাশের কয়েকটি সড়ক এবং ধলপুরে দক্ষিণ সিটির যান্ত্রিক ওয়ার্কশপের আশপাশের সড়ক ঘুরেও একই চিত্র দেখা গেছে—বিশেষ অভিযানের অংশ হিসেবে সড়কগুলো বেশ পরিষ্কার করে রাখা হয়েছে।

অভিযান উদ্বোধনের সময় ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক এই বিশেষ অভিযান পরিচালনা করছি। ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম বর্তমানে চলমান রয়েছে। জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা ও সড়কবাতির উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না।’

তবে ধলপুরবাসীর প্রশ্ন, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রশাসনের এই কড়া নজরদারি কি কেবল বিশেষ দিনেই সীমাবদ্ধ থাকবে, নাকি সাধারণ দিনগুলোতেও পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এভাবে ঝাড়ু উঠবে?

আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তা অনেকটাই পরিষ্কার করে রাখা হয়েছে।
ছবি: প্রথম আলো

পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রশাসক ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক যান–যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড পার্কিং স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেনা নতুন যানবাহন হস্তান্তর করেন। ধলপুরে সংস্থাটির যান্ত্রিক ওয়ার্কশপে এসব যানবাহন হস্তান্তর করা হয়।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, নতুন যানবাহনের মধ্যে রয়েছে ৮ টন ক্ষমতাসম্পন্ন ৫টি থ্রি-হুইল রোড রোলার, ৩টি টায়ার ডোজার, ১টি লো-বেড ট্রেইলার এবং ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১০টি পানির গাড়ি।

এসব যানবাহন বায়ুদূষণ রোধ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন আবদুস সালাম।