কর্মশালায় বক্তারা: জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ভুগছে প্রান্তিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলবায়ু পরিবর্তনে জেন্ডার সমতার জন্য প্রযুক্তির অভিযোজন’ শীর্ষক কর্মশালার অতিথিরা
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নারী ও পুরুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর্থসামাজিক শ্রেণিবৈষম্যের কারণেও নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্যোগ–দুর্ভোগ অন্যদের তুলনায় বেশি।

রাজধানীতে ‘জলবায়ু পরিবর্তনে জেন্ডার সমতার জন্য প্রযুক্তির অভিযোজন’সংক্রান্ত এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। আজ মঙ্গলবার রাজধানীর এক হোটেলে এ কর্মশালা হয়। বাংলাদেশ সেন্টর ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস), মহিলাবিষয়ক অধিদপ্তর এবং ইন্টারন্যাশনাল সেন্টর ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইক্যাড) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন বলেন, নারীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের একাধিক উদ্যোগ রয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের (এনআরপি) নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। যার মাধ্যমে নারীরা দুর্যোগ মোকাবিলার সক্ষমতা ও অভিযোজন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং দক্ষতা অর্জন করতে পারছেন। এ প্রকল্পের অর্জন ও সুফল যাতে দীর্ঘস্থায়ী হয়, সে জন্য আরও গণমুখী গবেষণা হওয়া প্রয়োজন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএএসের ফেলো দ্বিজেন মল্লিক কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের (আইডিআরসি) সহায়তায় বিসিএএস, ইক্যাড, ইউনিভার্সিটি অব মনিটোবা (কানাডা) এবং মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে ‘স্কেলিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন নলেজ অ্যান্ড টেকনোলজিস ফর এমপাওয়ারিং উইমেন অ্যান্ড টু এনহ্যান্স সোশ্যাল ইকুইটি অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (শক্তি)’ প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশের দুটি জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলার (সাতক্ষীরা ও সুনামগঞ্জ) চারটি উপজেলায় এ গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মশালা সঞ্চালনা করেন শক্তি প্রকল্পের প্রধান গবেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি।

গবেষণার ফলাফল উপস্থাপন করেন মনিটোবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদ হক। তিনি বলেন, গবেষণা এলাকায় সহজলভ্য এবং ব্যয়সাশ্রয়ী প্রযুক্তিগুলো স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অনেক বেশি গ্রহণযোগ্য ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তিনি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উপযোগী অভিযোজন প্রযুক্তির উদ্ভাবন ও প্রসারের ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় প্রকল্পের গবেষণাপদ্ধতি ও অর্জন নিয়ে কথা বলেন বিসিএএসের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আরিফুল হক। নারীবান্ধব প্রযুক্তি নিয়ে উপস্থাপনা করেন বিসিএএসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুল আলম। দুর্যোগঝুঁকি হ্রাসে নারী–পুরুষের সমতা ও সামাজিক বিশ্লেষণ নিয়ে উপস্থাপনা প্রদান করেন ইক্যাডের গবেষক সোহাইল বিন সাইফুল্লাহ।