ছাদভর্তি যাত্রী নিয়ে গেল একটি ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে জামালপুর কমিউটার ট্রেন। আজ বিকেলে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

শুক্রবার বেলা ৩টা ২০ মিনিট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। ৮ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াল দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেন। সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ শত শত মানুষ হুড়োহুড়ি করে উঠতে থাকেন ট্রেনে। জানালা দিয়েও অনেককে বগিতে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রেন যাত্রীতে ভরে যায়। এরপর লোকজন উঠতে থাকেন ট্রেনের ছাদে। একপর্যায়ে ট্রেনের আটটি বগির সব কটির ছাদই ভরে যায় যাত্রীতে।

এরপর নির্ধারিত সময়ের প্রায় ১৪ মিনিট দেরিতে বেলা ৩টা ৫৪ মিনিটে ট্রেনটি কমলাপুর স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ট্রেনটির আশপাশে দেখা গেলেও তাঁরা লোকজনকে ছাদে উঠতে বাধা দেননি।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেনটির একজন কর্মী প্রথম আলোকে বলেন, যতই বাধা দেওয়া হোক, তাঁরা ছাদে উঠবেনই। যাঁরা উঠে গেছেন, তাঁদের আর নামানো যাবে না।

একটি পরিবারের পাঁচ সদস্যের সবাইকে ট্রেনটির ছাদে উঠতে দেখা যায়। পরিবারটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বসে যাওয়ার টিকিট পাননি, তাই ছাদে উঠেছেন।

জামালপুর কমিউটার ট্রেনের ছাদে উঠছেন লোকজন। আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

অবশ্য জামালপুর কমিউটার ছাড়া কমলাপুর থেকে ছেড়ে যাওয়া অন্য ট্রেনগুলোতে যাত্রীর ভিড় দেখা যায়নি। বেশির ভাগ ট্রেনের বগির ভেতরে দাঁড়ানো যাত্রী ছিল না। কয়েকটি ট্রেন ছাড়া অন্যগুলো নির্ধারিত সময়ের কিছুক্ষণের মধ্যেই স্টেশন ছেড়ে গেছে। ঈদযাত্রার আগের চার দিনের মতোই যাত্রীদের স্বস্তিতে ভ্রমণ করতে দেখা গেছে।

ট্রেনের ছাদভর্তি যাত্রী ভ্রমণের বিষয়ে জানতে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে সুন্দরবন এক্সপ্রেস সোয়া ঘণ্টা দেরিতে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ২০ মিনিট, নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা, একতা এক্সপ্রেস ৪০ মিনিট ও রাজশাহী কমিউটার প্রায় দুই ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। তবে বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ের মধ্যেই স্টেশন ছেড়ে গেছে।