পথচারীকে মারধরের জেরে রুশ বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধর ও হয়রানির অভিযোগে রুশ বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলাটি করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৯ এপ্রিলের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম (সুমন) বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ১০ মার্চ বিকেল চারটার দিকে গুলশান-২ এলাকার রয়্যাল ব্লু প্লাজার সামনের রাস্তায় এক বৃদ্ধ পথচারী হেঁটে যাচ্ছিলেন। ওই সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও (টিকটক) করছিলেন মনিকা কবির। হাঁটার সময় অসাবধানতাবশত ওই বৃদ্ধের ব্যাগের কোনা মনিকার গায়ে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে কোনো উসকানি ছাড়াই ওই বৃদ্ধকে শারীরিকভাবে আঘাত করেন এবং তাঁর ব্যাগটি ছুড়ে মারেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পুরো ঘটনাটি মনিকা নিজেই ভিডিও করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ওই বৃদ্ধকে সামাজিকভাবে ‘হেয়প্রতিপন্ন’ করা হয়।