রাজধানীর বছিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
রাজধানীর মোহাম্মদপুরসংলগ্ন বসিলা ব্রিজে গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। তাঁর নাম সাদিকুল ইসলাম।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে বছিলা ব্রিজে একটি ট্রাক পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে চালক সাদিকুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অটোরিকশার দুই যাত্রী সামান্য আহত হন। তাঁদের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাদিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। সাদিকুলের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে। তিনি সপরিবার রাজধানীর মগবাজারের মধুবাগে থাকতেন।