রাজনৈতিক কর্মসূচি ঘিরে পুলিশকে সজাগ থাকতে হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে পুলিশকে তৎপর থাকতে হবে। তারা যাতে মহাসড়ক বা রাজপথে মিছিল-সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সেদিক সজাগ থাকতে হবে।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সারা দেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন। সভায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), সব মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমাদের দেশে অপরাধ বাড়তে পারে, সে জন্য পুলিশকে তৎপরতা বাড়াতে হবে।’
এ সময় আইজিপি আরও বলেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে। থানায় আসা সেবাপ্রত্যাশীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাঁদের প্রত্যাশিত সেবা দিতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে তিনি তদারকি বাড়ানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, ৯৯৯ জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. হারুন-অর-রশিদ, উপমহাপরিদর্শক (ডিআইজি-টেলিকম) এ কে এম শহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।