অফিস, আদালত, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ: ডিএমপি
অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী এসব নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিক, অভ্যন্তরীণ রাস্তা ও পার্কিং এলাকা) বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে, অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সমন্বিত অভিযান (বিশেষ মোবাইল কোর্ট) পরিচালনা ও জনসচেতনতামূলক সমাবেশ হবে।
শব্দদূষণ কমাতে সব সরকারি–বেসরকারি গাড়িচালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।